ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের মনোনয়নপত্র জমাদানে বাধা ও ছিনতাইয়ের ঘটনা নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কর্মী-সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, আগামী ১৫ ফেব্রুয়ারি উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমানকে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়। গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রিসাইডিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের তারিখ ছিল। সে হিসেবে প্রিসাইডিং কর্মকর্তার কার্যালয় থেকে বেলা ১১টার দিকে ১৮টি মনোনয়নপত্র বিক্রি করা হয়। এ নির্বাচন বন্ধ করতে ও মনোনয়নপত্র জমাদানে বাধা দেওয়ার জন্য উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সমর্থকদের নিয়ে সকাল থেকে প্রিসাইডিং কর্মকর্তার কার্যালয় চত্বরে উপস্থিত ছিলেন। এর মধ্যেই বেলা দেড়টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন ও তাঁর কর্মী-সমর্থকেরা কালেরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামানের পক্ষ নিয়ে ১৭টি মনোনয়নপত্র জমা দেন। এ সময় মাইদুল ইসলামের পক্ষে সালমান নামের এক কর্মী প্রিসাইডিং কর্মকর্তার কার্যালয়ে ঢুকে জমা মনোনয়নপত্র ছিনতাইয়ের চেষ্টা করেন। এ নিয়ে দুজনের সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মাইদুল ইসলামের পক্ষে সালমান, মজনু ও রাব্বি আহত হন। সংঘর্ষ ঠেকাতে গিয়ে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আসলাম খান আহত হন।
এ ব্যাপারে মাইদুল ইসলাম বলেন, নির্বাচনের জন্য ইকবাল হোসেন তাঁর সমর্থকদের নিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের পক্ষ নিয়েছেন। এ কারণে বাধা দেওয়া হয়েছে।
ইকবাল হোসেন বলেন, ‘কামরুজ্জামান কালেরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এ কারণে আমরা তাঁর পক্ষে নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে গেলে মাইদুল ইসলাম ও তাঁর সমর্থকেরা বাধা দেন ও সেগুলো ছিনতাই করেন। ফলে আমার সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে তাঁর কয়েকজন সমর্থককে মারধর করেছে।’