চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ চারজন আহত হয়েছেন।
সূত্র জানায়, হলের কক্ষ দখলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বীর পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের বেশ কিছু কক্ষে থাকছেন ফজলে রাব্বীর অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁদের কিছু কক্ষ ছেড়ে দিতে বলেন আলমগীর টিপুর অনুসারীরা। কিন্তু ফজলে রাব্বীর পক্ষ কক্ষ ছাড়তে অস্বীকৃতি জানায়। গতকাল বিকেল চারটার দিকে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলমগীর টিপুর পক্ষ শাহজালাল হল এবং ফজলে রাব্বীর পক্ষ শাহ আমানত হলে অবস্থান নেয়। এ সময় দুই পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ ঘটনায় ইটপাটকেলের আঘাতে সভাপতি পক্ষের নেতা জমির উদ্দিন এবং ইমাদ আহমেদ আহত হন। এ ছাড়া ছাত্রলীগের নেতা-কর্মীদের ছোড়া ইটের আঘাতে পুলিশ সদস্য মো. ইউনুস আহত হন। আহত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাবার বুলেটের শেল নিক্ষেপ করে ও ফাঁকা গুলি ছোড়ে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রাতে সভাপতি পক্ষের নেতা-কর্মীরা শাহজালাল হলের সামনে এবং সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরা আমানত হলের ভেতরে অবস্থান নেন। এ সময় সভাপতি পক্ষের নেতা-কর্মীরা আমানত হলে ঢোকার চেষ্টা করলে সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরা ছাদ থেকে ইটপাটকেল ছোড়েন। এতে সভাপতি পক্ষের মো. রাকিব আহত হন।
রাত সাড়ে ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ সদস্যরা দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন।
রাত আটটার দিকে হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে আমরা রাবার বুলেটের শেল ও ফাঁকা গুলি করে উভয় পক্ষকে সরিয়ে দিই। কিন্তু এখনো উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা তাদের থামানোর চেষ্টা করছি।’
ফজলে রাব্বী বলেন, ‘বিনা উসকানিতে আমাদের নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।’
অন্যদিকে আলমগীর টিপু বলেন, ‘দেড় বছর ধরে মহিউদ্দিন ভাইয়ের (নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী) অনুসারীরা ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন। কমিটি হওয়ার পর ফজলে রাব্বী আমার সমকক্ষ হতে শিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের তাঁর পক্ষে টেনেছেন। আমাদের নেতা-কর্মীরা এর প্রতিবাদ করলে তাঁর (ফজলে রাব্বী) অনুসারীরা হামলা চালায়।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘দুই পক্ষকে শান্ত হতে বলেছি।’