খেলার মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে শাহ পরান হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও ছাত্রলীগ সূত্রে জানা গছে, বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ব্যবসায় প্রশাসন ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের মধ্যে ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের খেলা চলছিল। খেলায় আইপিই বিভাগের জয় প্রায় নিশ্চিত হলে বিভাগের শিক্ষার্থীরা মাঠের চারপাশে মিছিল নিয়ে যাচ্ছিলেন। ব্যবসায় প্রশাসন বিভাগের টেন্টের সামনে দিয়ে যাওয়ার সময় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে জয়-পরাজয় নিয়ে বাগ্বিতণ্ডা হয়। পরে সেটি মারামারিতে পরিণত হয়। আইপিই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায়ের পক্ষের নেতা-কর্মীরা এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তীর কর্মীরা থাকায় পরে সেটি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম এবং বন ও পরিবেশবিষয়ক সম্পাদক খলিলুর রহমান, আইপিই বিভাগের শিক্ষার্থী সাব্বির, শাহরিয়ার ও সাইদুল গুরুতর আহত হন। এর মধ্যে সাইদুল সাধারণ শিক্ষার্থী। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইপিই বিভাগের শিক্ষার্থীদের ভর্তির বিষয়টি বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায় অভিযোগ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে ছাত্রলীগের একটি পক্ষ পরিকল্পিতভাবে আমার পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে আমার পক্ষের চারজন নেত-কর্মী আহত হয়েছেন।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী বলেন, ‘খেলা নিয়ে মূলত সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে একটি পক্ষ এটাকে রাজনৈতিকভাবে নেওয়ার চেষ্টা করেছে। আমরা নিজেদের মধ্যে সমঝোতা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’
বিশ্ববিদ্যালয়ের শাহ পরান হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ শাহেদুল হোসেন গতকাল বলেন, খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হলেও পরে সেটি রাজনৈতিক সংঘর্ষে পরিণত হয়। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। হল প্রশাসন, প্রক্টরিয়াল বডি ও পুলিশ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কাজ করছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।