ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে, আহত ৮
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সোমবার দুপুরে নাটোরের লালপুর উপজেলা পরিষদ ভবনের সামনে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আটজন আহত হয়েছেন। প্রতিপক্ষের হামলায় পৌর ছাত্রলীগের অফিস ও বাড়ি ভাঙচুর হয়েছে।
লালপুর থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলা পরিষদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে দীর্ঘদিন ধরে গোপালপুর পৌর ছাত্রলীগের সভাপতি হৃদয় ইসলামের সঙ্গে সাধারণ সম্পাদক মিজু আহমেদের বিরোধ চলে আসছিল। গতকাল দুপুর দেড়টার দিকে পরিষদ ভবনের সামনের মোড়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে হৃদয় ইসলাম ও তাঁর সমর্থক নাহিদ হোসেন, আবু রায়হান, ইয়াকুব আলী ও সাজু আহমেদ আহত হন। পরে হৃদয় ইসলামের সমর্থকেরা মিজু আহমেদের বাড়ি ও তাঁর বড় ভাই উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক তুহিন উদ্দিনের অফিসে হামলা করেন। এতে মিজু আহমেদের মা মিরা খাতুন, তুহিনের স্ত্রী রোজিনা খাতুন ও আরিফা খাতুন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে হৃদয় ইসলাম, মিরা খাতুন ও আবু রায়হান, ইয়াকুব আলী, আরিফা খাতুন ও সাজুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং নাহিদ ও রোজিনা খাতুনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই এই ঘটনায় থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।