কথা-কাটাকাটির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী নেতা-কর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আট নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি নুরুজ্জামান, সহসম্পাদক আবু বকর, উপ-অর্থ সম্পাদক এস এম মাসুম খান, উপক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, ছাত্রলীগের কর্মী মো. আরিফ, সাইকুল ইসলাম, মো. নাফি ও আশিক। এঁদের মধ্যে প্রথম পাঁচজন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ও পরের তিনজন সভাপতি আলমগীর টিপুর অনুসারী। আহত ব্যক্তিরা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিশ্ববিদ্যালয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে থেমে থাকা শহরগামী শাটল ট্রেনে কথা-কাটাকাটির জের ধরে সাধারণ সম্পাদকের অনুসারী এস এম মাসুম খানকে মারধর করেন সভাপতি আলমগীর টিপুর অনুসারীরা। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি পক্ষ ও সাধারণ সম্পাদক পক্ষ একে অপরকে ধাওয়া দেয়। কিছুক্ষণ পর সভাপতি পক্ষ বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে ও সাধারণ সম্পাদক পক্ষ শাহ আমানত হলে অবস্থান নেয়। হল দুটি পাশাপাশি। মাঝখানে দেয়াল রয়েছে। দুই আবাসিক হলের প্রাঙ্গণ থেকে এক পক্ষ আরেক পক্ষের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ইটের আঘাতে বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, জুনিয়র কর্মীদের মধ্যে সামান্য ঝামেলা হয়েছে। দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বলেন, তেমন বড় কোনো সমস্যা হয়নি।