ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত করাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক পক্ষের কর্মী সাইদুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
সাইদুর রহমান ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন ১০ থেকে ১৫ জন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিভিন্ন বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত রাখাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমারের পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমানের পক্ষের নেতা-কর্মীদের হাতাহাতি ও সংঘর্ষ হয়। একপর্যায়ে সাইদুর রহমানের পায়ে গুলি লাগে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমানের পক্ষের নেতা সিদ্দিকী আরাফাতের ভাষ্য, উপাচার্যের কার্যালয়ের সামনে ছাত্রলীগের সভাপতির পক্ষের শিশির ইসলাম আগ্নেয়াস্ত্র (পিস্তল) বের করে সহসভাপতির পক্ষের নেতা-কর্মীদের দিকে তাক করে শাসাতে থাকেন। দুই পক্ষের মধ্যে হাতাহাতির একপর্যায়ে সাইদুরের পায়ে গুলি লাগে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, এখন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিছুটা শান্ত। ক্যাম্পাসে পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন রয়েছে।
বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, প্রশাসনের নির্দেশে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পরিস্থিতি এখন অনেকটা শান্ত।