রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে গতকাল মঙ্গলবার মেকাটনিক বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে বেলুন ফাটানো নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ অস্ত্রসহ তারেক নামে ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে।
আহত কর্মীরা হলেন ইলেকট্রো মেডিকেল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রোজ, পাওয়ার বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাওন এবং মেকাটনিক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ ও নাহিদ। আহত কর্মীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের হাতে আটক তারেক কোন বিভাগে পড়েন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, গতকাল বিকেলে ইনস্টিটিউটের মেকাটনিক বিভাগের একটি কক্ষের ভেতরে সে বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ওই ইনস্টিটিউটের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ রহমানের অনুসারীরা নেতৃত্ব দিচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের অনুসারী কয়েকজন ছাত্র ভেতরে ঢোকার চেষ্টা করলে সাধারণ সম্পাদকের অনুসারীরা বাধা দেন। এ সময় সভাপতির অনুসারী ছাত্রলীগ কর্মী রোজ নবীনবরণ অনুষ্ঠানের জন্য টাঙানো একটি বেলুন ফাটিয়ে দেন। সঙ্গে সঙ্গে সাধারণ সম্পাদকের অনুসারীরা রোজের ওপরে হামলা করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। এরপর পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে জানতে চাইলে মেহেদী হাসান বলেন, অপরিচিত কয়েকজন ছাত্র এসে ঘটনার সূত্রপাত করেছে। এটা ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল নয়।
রাশেদ রহমান বলেন, নবীনবরণ অনুষ্ঠান চলাকালে বহিরাগত লোকজন এসে হামলা চালালে ছাত্রলীগ বাধা দেয়। এ সময় বহিরাগত ব্যক্তিদের হামলায় ছাত্রলীগের চারজন কর্মী আহত হন।
ঘটনাস্থলে ছিলেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন। তিনি বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ক্যাম্পাসের বাইরে থেকে একটি দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।