ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নবীনবরণ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের একটি বিভাগের নবীনবরণে বেলুন ফাটানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। সংঘর্ষে আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অস্ত্রসহ একজনকে আটক করেছে। 

ছাত্রলীগের আহত কর্মীরা হলেন ইলেক্টেরা মেডিকেল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রোজ, পাওয়ার বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাওন, মেকাটনিক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ ও নাহিদ।
পুলিশের হাতে দেশীয় অস্ত্রসহ আটক ছাত্রলীগের কর্মীর নাম তারেক। তিনি কোন বিভাগের পড়েন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছেন, আজ বিকেলে ইনস্টিটিউটের মেকাটনিক বিভাগের একটি কক্ষের ভেতরে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইনস্টিটিউটের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ রহমানের অনুসারীরা নেতৃত্ব দিচ্ছিলেন। এ সময় সভাপতি মেহেদি হাসানের অনুসারী কয়েকজন ছাত্র ভেতরে ঢোকার চেষ্টা করলে সাধারণ সম্পাদকের অনুসারীরা বাধা দেন। এ সময় সভাপতির অনুসারী ছাত্রলীগকর্মী রোজ নবীনবরণ অনুষ্ঠানের জন্য টাঙানো একটি বেলুন ফাটিয়ে দেন। সঙ্গে সঙ্গে সাধারণ সম্পাদকের অনুসারীরা রোজের ওপরে হামলা চালান। এতে রোজের ডান হাতের একটি আঙুল কেটে যায়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। তারপর পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে নবীনবরণ অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
রোজ দাবি করেছেন, বহিরাগত ‘সন্ত্রাসীরা’ হামলা চালিয়েছে।
তবে আহত ছাত্রলীগ কর্মী শাওন জানিয়েছেন, রোজ ফাটানোর জন্য বেলুনে হাত দেয়নি। এমনি হাত দিতেই বেলুন ফেটে যায়। এরপরই সাধারণ সম্পাদকের অনুসারীরা রোজের ওপরে হামলা চালায়। এ নিয়েই পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এ ব্যাপারে জানতে চাইলে ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান প্রথম আলোর কাছে দাবি করেন, অপরিচিত কয়েকজন ছাত্র এসে ঘটনার সূত্রপাত করেছে। তিনি তাদের কখনো ইনস্টিটিউটে দেখেননি। তিনি বলেন, ‘এটা কখনোই ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল নয়। বাইরে থেকে পাইপ, লোহার রড ও অস্ত্রসহ অপরিচিত ছাত্ররা হামলা চালালে ছাত্রলীগের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে।’
তবে সাধারণ সম্পাদক রাশেদ রহমান বলেন, নবীনবরণ অনুষ্ঠানে বহিরাগত কিছু ছেলেরা এসে হামলা চালালে ছাত্রলীগ তাতে বাধা দেয়। এ সময় বহিরাগতদের হামলায় ছাত্রলীগের চারজন কর্মী আহত হন।
অনুষ্ঠানস্থলে ছিলেন ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর সোহানুর রহমান। কী হয়েছিল জানতে চাইলে প্রথম আলোকে তিনি শুধু বলেন, গন্ডগোলের কারণে নবীনবরণ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরুই করা যায়নি। কারা হামলা চালিয়েছে জানতে চাইলে তিনি বলেন, সে সময় তিনি তাঁর চেম্বারে ছিলেন।
ঘটনাস্থলে ছিলেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন। তিনি বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে ক্যাম্পাসের বাইরে থেকে রামদায়ের মতো একটি দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে। তাঁকে তখনই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।