ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতির পদ নিয়ে বিরোধিতায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে গতকাল মঙ্গলবার পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব বলেন, ইন্টার্ন চিকিৎসক পরিষদের কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার (আজ) উভয় পক্ষকে নিয়ে বৈঠক ডেকেছে।
প্রত্যক্ষদর্শী তিনজন ছাত্র বলেন, বেলা আড়াইটার দিকে ছাত্রলীগের দুপক্ষের নেতা-কর্মীরা হকিস্টিক হাতে পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়েন। এ সময় বেশ কিছু চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কলেজ শাখা ছাত্রলীগ সূত্রে জানা যায়, বগুড়া জেলা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতাদের সম্মতির ভিত্তিতে গত সোমবার এই মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের নতুন কমিটি ঘোষিত হয়। এতে ইবনে সিনাকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি করা হয়। ইবনে সিনার বিরুদ্ধে ছাত্রদল করার অভিযোগ এনে ছাত্রলীগের একাংশের ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা গতকাল বৈঠক করে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসানকে পরিষদের সভাপতি করে পাল্টা কমিটি ঘোষণা করেন। এ নিয়ে দুপক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জাহিদ হাসান বলেন, ইবনে সিনা ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এমন কাউকে পরিষদের সভাপতি হিসেবে ছাত্রলীগ মানবে না।
ইবনে সিনা বলেন, ‘আমি কখনো ছাত্রদল করতাম না।’
স্বাচিপ বগুড়া জেলা কমিটির সভাপতি সামির হোসেন বলেন, ‘ইবনে সিনা কোনো ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমনটা আমাদের জানা নেই।’