ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ, ৩ শিক্ষকসহ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন তিনজন শিক্ষক। ঘটনা তদন্ত পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত রোববার গভীর রাত থেকে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত শিক্ষার্থীদের মধ্যে বিবিএ চতুর্থ সেমিস্টারের তামিম ও কৃষি অনুষদের ষষ্ঠ সেমিস্টারের তাজিমকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য সূত্র জানায়, রোববার বিকেলে বরিশাল থেকে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাস ক্যাম্পাসে আসছিল। বাসে সামনের আসনে বসা নিয়ে খাদ্য ও পুষ্টি অনুষদের শিক্ষার্থী ছাত্রলীগের সমর্থক কামরুলের সঙ্গে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী ও সংগঠনটির সমর্থক রাহাতুলের বাগ্বিতণ্ডা হয়। কামরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পটুয়াখালী গ্রুপের সঙ্গে যুক্ত। অন্যদিকে রাহাতুল বরিশাল গ্রুপের সঙ্গে।
বাগ্বিতণ্ডার বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বরিশাল ও পটুয়াখালী গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ওই দিন রাত সোয়া ১২টার দিকে বরিশাল গ্রুপের ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা হকিস্টিক, রামদা, রড ও কিরিচ নিয়ে পটুয়াখালী গ্রুপের আয়ত্তাধীন শের-ই-বাংলা ছাত্রাবাস-১-এ হামলা চালান। শুরু হয় সংঘর্ষ। চলে দফায় দফায় রাতভর।
গতকাল ভোর পাঁচটার দিকে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এ সময় বরিশাল গ্রুপের নেতৃত্বাধীন এম কেরামত আলী ছাত্রাবাসে পাল্টা হামলা চালান শের-ই-বাংলা ছাত্রাবাসের ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা। পাল্টাপাল্টি হামলার সময় ছাত্রাবাস দুটির অন্তত ৩০টি কক্ষ ভাঙচুর করা হয়।
শের-ই-বাংলা ছাত্রাবাস-১-এর ছাত্রলীগের সহসভাপতি কাজী জাহিদুর রহমান বলেন, হামলায় এই ছাত্রাবাসের ২০৩ নম্বর কক্ষে অগ্নিসংযোগসহ বিভিন্ন কক্ষ থেকে ল্যাপটপ, মুঠোফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে। সংঘর্ষের ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আনিসুজ্জামান আনিছ ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদ দাবি করেন, এর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। দুই জেলার আঞ্চলিকতার দ্বন্দ্বে এ সংঘর্ষ ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মাহাফুজুর রহমান জানান, সংঘর্ষ থামাতে গিয়ে শের-ই-বাংলা ছাত্রাবাস-১-এর সহকারী প্রভোস্ট রেসাদ মল্লিক, খাদ্য ও পুষ্টি অনুষদের শিক্ষক সুজন কান্তি মালি ও বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক রফিকুল ইসলাম আহত হন।
ভারপ্রাপ্ত উপাচার্য মো. রবিউল হক বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রদের মধ্যে গোলমাল। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল ও প্রক্টোরিয়াল কমিটি জরুরি সভায় বসেছে। এ ছাড়া ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত করতে বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে।
পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, সংঘর্ষকালে পুলিশ ও র্যা ব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।