ছাত্রলীগের দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় ছয়জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে গতকাল শনিবার ছাত্রলীগের দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোরশেদ আলম। সকালে তিনি অনুষ্ঠানে যাওয়ার আগে তাঁর অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসে হাজির হন। অন্যদিকে সেনবাগ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফরের অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা সেনবাগ ডাকবাংলো এলাকায় অবস্থান নেন।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে মেয়রের অনুসারী ছাত্রলীগের কর্মীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে কলেজ ক্যাম্পাসে যান। পরে তাঁরা আবার সেনবাগ ডাকবাংলোর সামনে এসে অবস্থান নেন। ওই সময় সাংসদের অনুসারী ছাত্রলীগের নেতা মাজেদুল হক, ইকবাল বাহার, নূর হোসেন, রাসেল ও বাবরের ওপর হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলার খবর ক্যাম্পাসে পৌঁছার পর সাংসদের অনুসারীরা মেয়রের অনুসারীদের ধাওয়া করে ডাকবাংলো এলাকা থেকে তাড়িয়ে দেয়। এ সময় সাংসদের অনুসারীদের হামলায় রোহান উদ্দিন (২৫) নামে ছাত্রলীগের এক কর্মী আহত হন। হামলার প্রতিবাদে সাংসদের অনুসারীরা বেলা একটার দিকে সেনবাগ বাজারে বিক্ষোভ করেন। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
সাংসদের অনুসারী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ আলম প্রথম আলোকে বলেন, মেয়রের অনুসারীরা হঠাৎ ক্যাম্পাসে গিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করে। পরে তারা ক্যাম্পাসে যাওয়ার পথে তাদের কয়েকজন কর্মীর ওপর হামলা চালায়।
এ বিষয়ে বক্তব্য জানতে সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফরের মুঠোফোনে ফোন দিলেও তিনি ধরেননি।
কলেজের অধ্যক্ষ মুকবুল আহম্মেদ প্রথম আলোকে বলেন, অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে ছাত্রলীগের একটি অংশ ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনার পর সাংসদ মোরশেদ আলমও অনুষ্ঠানস্থলে আসেননি। তিনি জানান, পরে আর মিলাদ মাহফিল হয়নি।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বলেন, এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।