ছাত্রলীগের দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতির পদ নিয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

মেডিকেল কলেজ ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়া জেলা বিএমএ ও স্বাচিপ নেতাদের সম্মতির ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিৎসক পরিষদের নতুন কমিটির ঘোষণা করা হয়। এতে ইবনে সিনা শুভকে ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি করা হয়। কিন্তু ইবনে সিনার বিরুদ্ধে ছাত্রদল করার অভিযোগ এনে মেডিকেল কলেজ ছাত্রলীগ শাখার একাংশের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে কলেজে বৈঠক করে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসানকে ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি করে পাল্টা কমিটি করেন। এ নিয়ে ছাত্রলীগেরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ছাত্রলীগের দুপক্ষের ক্ষুব্ধ নেতা-কর্মীরা বেশ কিছু চেয়ারটেবিল ভাঙচুর করেন। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল বুধবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উভয় পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক ডেকেছে হাসপাতাল-প্রশাসন।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান অভিযোগ করেন, ‘ইন্টার্নি চিকিৎসক পরিষদের ঘোষিত সভাপতি ইবনে সিনা ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ছাত্রদলের বেশ কিছু কর্মকাণ্ডে তিনি অংশ নিয়েছেন। ছাত্রদলের কাউকে পরিষদের সভাপতি মানবে না ছাত্রলীগ।’
ঘোষণা করা ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি ইবনে সিনা শুভ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আগে থেকেই ছাত্রলীগ করতাম। কখনো ছাত্রদল করতাম না।’

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব প্রথম আলোকে বলেন, ইন্টার্নি চিকিৎসক পরিষদের কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। ইন্টার্নি চিকিৎসক পরিষদের বিষয়টি হাসপাতাল প্রশাসনের নিয়ন্ত্রণাধীন হওয়ায় তারা বুধবার উভয় পক্ষকে নিয়ে বৈঠক করবে।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের বগুড়া জেলা কমিটির সভাপতি সামির হোসেন বলেন, ‘স্বাচিপ ও বিএমএর নেতারা আলাপ-আলোচনা করেই ইবনে সিনাকে সভাপতি পদে মনোনয়ন দিয়েছিল। এ নিয়ে বিতর্ক ওঠায় বুধবার দুই পক্ষকে নিয়ে হাসপাতালের পরিচালকের সভাকক্ষে আমরা বৈঠকে বসছি।’