ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, একজন আহত
পূর্ব শত্রুতার জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তরিকুল ইসলাম সোহাগ নামে সংগঠনটির এক কর্মী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত তরিকুল হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তরিকুল ইসলামসহ ছাত্রলীগের ছয়-সাত নেতা-কর্মী সংগঠনের অপর কর্মী রাহিনুল ইসলামকে মারধর করেন। বিষয়টি মীমাংসার জন্য আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক অনিক সাহার নেতৃত্বে পাঁচ-ছয় নেতা-কর্মী বঙ্গবন্ধু হলের সামনে আসেন। এ সময় রাহিনুল ও তাঁর সহযোগী ইমরান খান নাহিদসহ ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী তাঁদের সঙ্গে কথা বলতে যান। এতে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লোহার রডের আঘাতে গুরুতর জখম হলে তরিকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ছাত্রলীগের নেতা অনিক সাহা অভিযোগ করেন, ‘কিছুদিন আগের একটা ঝামেলা মীমাংসা করার জন্য তরিকুলকে নিয়ে বঙ্গবন্ধু হলের সামনে যাই। এ সময় রাহিনুল ও নাহিদসহ ছাত্রলীগের ১০ থেকে ১২ নেতা-কর্মী রড ও পাইপ নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে কয়েকজন আহত হলেও সোহাগের (তরিকুল) অবস্থা গুরুতর।’
জানতে চাইলে ছাত্রলীগের কর্মী রাহিনুল ইসলাম দাবি করেন, ‘এর আগে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরিকুল পাঁচ থেকে সাতজন নেতা-কর্মী নিয়ে আমাকে মারধর করেছিল। ওই বিষয়টি মীমাংসা করতে আমাদের ডাকে। আমরা সেখানে গেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকার স্থানীয় ১৫ থেকে ২০ জন ছাত্রলীগ কর্মীদের সঙ্গে যোগ দিয়ে আমাদের ওপর হামলা করে। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে।’
নগরের মতিহার থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ছাত্রলীগের মধ্যে একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল, তবে পরিস্থিতি এখন শান্ত।