ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

মাদারীপুরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি প্রতিবাদ কর্মসূচি নিয়ে সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ১২ জন আহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ২৫টির বেশি ককটেল বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে র্যাব-পুলিশ অর্ধশত কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেল ও একটি পোশাকের দোকানও ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, ২ জুলাই দলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্থানীয় একজন ইউপির চেয়ারম্যানসহ ১০ জন আহত হন। এর প্রতিবাদ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মাহমুদের নেতৃত্বে জেলা ছাত্রলীগ গতকাল মঙ্গলবার কলেজগেটে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। পাল্টা কর্মসূচি হিসেবে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সময়ে ছাত্রলীগের অপর পক্ষ জেলা প্রশাসকের কার্যালয়ে একটি মিছিল নিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একসময় উভয় পক্ষের তিন শতাধিক নেতা-কর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে ঝাঁপিয়ে পড়ে। পরে শহরের ইটেরপুল, কলেজগেট ও পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা। সংঘর্ষে আহত ডিবি পুলিশের উপপরিদর্শক স্বপন কুমারসহ আটজনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ অভিযোগ করেন, ‘মানববন্ধনের সময় সামনে দিয়ে আমাদের কিছু নেতা-কর্মী হেঁটে গেলে ওই পক্ষের নেতারা তাঁদের মারধর করেন। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।’

পাল্টা অভিযোগে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিলে অন্য পক্ষের নেতারা মোটরসাইকেল মহড়া দিয়ে চড়াও হয়। পরে তারা আমাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এরই সূত্র ধরে ওই পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে আমাদের সংঘর্ষ হয়।’
জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব প্রথম আলোকে বলেন, নেতা-কর্মীরা দুটি গ্রুপে বিভক্ত। প্রতিটি রাজনৈতিক কর্মসূচিই পাল্টাপাল্টিভাবে পালন করা হয়। এরই ধারাবাহিকতায় আজ দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পরে পুলিশ ও র্যাব-৮-এর সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।