রাঙামাটি সরকারি কলেজে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ ওরফে বাপ্পার পক্ষের ১০-১২ জন নেতা-কর্মী কলেজ ক্যাম্পাসে অবস্থা করছিলেন। এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহম্মদ ইমতিয়াজ পাঁচ-ছয়জন সঙ্গীকে নিয়ে ক্যাম্পাসে যান। তাঁরা কলেজ মাঠে পৌঁছার পর সভাপতির পক্ষের নেতা-কর্মীরা অতর্কিতে তাঁদের ওপর হামলা চালান। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় কলেজ শাখার সাধারণ সম্পাদক আহম্মদ ইমতিয়াজ, তাঁর সঙ্গী মো. মুসলে উদ্দিন, মো. মেহেদি হাসান, মো. শিমুল দাশ, মো. বনি মাহমুদ, মো. পারভেজ আহত হন।
গত ২০ অক্টোবরও দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল।
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বলেন, ছাত্রলীগের নাম ভাঙিয়ে বহিরাগত কিছু যুবক কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ রশীদ বলেন, ছাত্রলীগের দুপক্ষের দ্বন্দ্বের কারণে এ সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন আহত হন।