ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।সভাপতিপক্ষ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের ও সাধারণ সম্পাদক পক্ষ সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল রাত সোয়া নয়টার দিকে চট্টগ্রাম নগর থেকে শাটল ট্রেন ক্যাম্পাসে পৌঁছায়। এ সময় স্টেশনে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।এর জের ধরে শাহ আমানত ও শাহজালাল ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের নেতা-কর্মীদের হাতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দেখা গেছে। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক শুভাশীষ চৌধুরী বলেন, আহত অবস্থায় ১৯ জন মেডিকেল সেন্টারে এসেছেন। তাঁদের মধ্যে নয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।

মেডিকেল সেন্টার সূত্র জানায়, সেখানে আসা নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন। আহত নেতা-কর্মীদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আহত নেতা-কর্মীদের সবাই সাধারণ সম্পাদকের পক্ষের। তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ সজল ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর জীবনও রয়েছেন।

সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন বলেন, সভাপতির অনুসারীরা বিনা উসকানিতে তাঁদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন।

তবে সাধারণ সম্পাদকের অভিযোগ অস্বীকার করে সভাপতি আলমগীর টিপু বলেন, ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। দুই পক্ষ বসে বিষয়টি মীমাংসা করছে।

রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর গতকাল রাত পৌনে ১২টার দিকে মুঠোফোনে প্রথম আলোকেবলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা এখন হলে অবস্থান করছেন। আর আমরা সতর্ক অবস্থায় আছি।’