জেলা ছাত্রলীগ সভাপতির সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতির
ময়মনসিংহে ছাত্রলীগের দুই নেতার দ্বন্দ্বের জের ধরে হল ছাড়তে হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। এই দ্বন্দ্ব নিয়ে গতকাল মঙ্গলবার রাতে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর সে নির্দেশ অনুসারে তাঁরা আজ বুধবার সকালে হল ছেড়েছেন।
গত সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হলেও অনেক শিক্ষার্থী হলেই অবস্থান করছিলেন।
ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বেশ কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান ওরফে বাবু ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের মধ্যে বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যায় মুর্শেদুজ্জামান খানের মোটরসাইকেলে আগুন দেয় কে বা কারা। এই ঘটনায় জসিম উদ্দিনের সমর্থকেরা জড়িত বলে অভিযোগ তুললে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা লাঠি, রড ও চাপাতি নিয়ে সংঘর্ষেও জড়ায়।
পরে এ নিয়ে ক্যাম্পাসেও উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতেই উপাচার্য হল প্রভোস্টদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে শিক্ষার্থীদের আজ বুধবার সকাল আটটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। রাত তিনটার দিকে ক্যাম্পাসে মাইকিং করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে সকাল ১০টার মধ্যেই শিক্ষার্থীরা হল ছেড়ে চলে যান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আকবর প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি অবনতি হওয়ায় প্রশাসন হল খালি করতে বাধ্য হয়েছে।