ছাত্রলীগের নেতা অস্ত্রসহ গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ পাঁচজনকে ককটেল ও ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত ১০টার দিকে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া কুলচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে থেকে পুলিশ তাঁদের আটক করে।
আটক হওয়া পাঁচজন হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুল আলম (২৮), ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন (২০), সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (২২), ছাত্রলীগ কর্মী নজরুল ইসলাম (২২) ও সিএনজিচালিত অটোরিকশার চালক স্বপন (২৫)।
ফরিদগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, গতকাল সকালে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। বিকেলে কচুয়া থানার ওসি এ এইচ ইকবাল বাদী হয়ে অস্ত্র আইনে ওই পাঁচজনকে আসামি করে মামলা করেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান বলেন, তাঁদের তল্লাশি করে আটটি দেশীয় ধারালো অস্ত্র ও ১২টি ককটেল জব্দ করা হয়।