তরুণীকে অপহরণ ও ধর্ষণে জড়িত থাকার অভিযোগে ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি লায়ন পারভেজকে গ্রেপ্তার করেছে সাভার থানার পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বছর দেড়েক আগে সাভার পৌরসভার ভাগলপুরের রাব্বি ব্যাপারীর সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। একপর্যায়ে রাব্বি তাঁকে বিয়ে করেন। কিন্তু রাব্বির আগের স্ত্রী ছিল। পরে রাব্বিকে ছেড়ে দেন তরুণী। এরপর থেকে রাব্বি তাঁকে নানা ভয়ভীতি দেখাচ্ছিলেন।
ওই তরুণী বলেন, গত ২২ ফেব্রুয়ারি তিনি সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি বিপণিবিতানে যান। সেখান থেকে পারভেজসহ অন্যদের সহায়তায় রাব্বি তাঁকে অপহরণ করে পারভেজের ব্যাংক কলোনির বাসায় নিয়ে যান। সেখানে আটকে রেখে রাব্বি ও পারভেজ তাঁকে ধর্ষণ করেন। তাঁকে শারীরিক নির্যাতনের পর মাথার চুলও কেটে দেওয়া হয়। পরদিন ওই বাসা থেকে কৌশলে পালিয়ে আসেন তিনি। সুস্থ হয়ে গতকাল তিনি রাব্বি ও পারভেজসহ পাঁচজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন।