ছাত্রলীগের নেতাকে এক মাসের জন্য বহিষ্কার
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য জালাল উদ্দিন ওরফে রানাকে গতকাল মঙ্গলবার সংগঠন থেকে এক মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রথম আলোকে বলেন, ‘জালাল উদ্দিন সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় তাঁর বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগকে নির্দেশ দিয়েছি।’
ছাত্রলীগ সূত্র জানায়, গত সোমবার নগরের আগ্রাবাদ এলাকায় কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জালালের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম বলেন, জালাল উদ্দিনের বিরুদ্ধে আগ্রাবাদ এলাকায় দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে। এতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় নেতাদের নজরে আনা হয়। কেন্দ্রের নির্দেশে জালাল উদ্দিনকে সংগঠন থেকে এক মাসের জন্য বহিষ্কার করা হয়। একই সঙ্গে আগ্রাবাদের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—মর্মে ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও জালাল উদ্দিন ফোন ধরেননি।