ছাত্রলীগের নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সামছুর রহমান ওরফে শিমুলকে (৩০) কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাগমারা বাজারের একটি সেলুনে ওই ঘটনা ঘটে। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগের অন্তত তিনজন কর্মী জানান, বেলা একটা ৪৫ মিনিটে শিমুল বাগমারা বাজারের অপূর্ব হেয়ার সেলুনে সেভ করতে যান। ওই সময়ে সেখানে অবস্থান করছিলেন ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ইকবাল হোসেন। একপর্যায়ে সামছুর রহমান ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় (গত সোমবার অনুষ্ঠিত) দলীয় কয়েকজন কর্মীকে কেন আসতে দেওয়া হলো না এর কারণ জানতে চান ইকবাল হোসেনের কাছে। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইকবাল তাঁর অনুসারী জাফর আহমেদ, শাহাদাৎ হোসেন, আরমান ও এরশাদ মিয়াসহ অন্তত ৮ থেকে ১০ জনকে মুঠোফোনে ডেকে আনেন। ওই সময় তাঁরা সামছুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় সামছুরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানার ওসি প্রশান্ত পাল বলেন, মামলার প্রস্তুতি চলছে।