সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের আরও দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার দুটি মেস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এদিকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা এবং দুর্গাপূজা ও ঈদের ছুটির কারণে আবাসিক হল ও মেস ছেড়ে বাড়িতে যেতে শুরু করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোরে দুটি মেসে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী তপোবন আবাসিক এলাকা থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের মেসবিষয়ক সম্পাদক জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়। জিয়াউল খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি (এফইটি) বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। এ ছাড়া সিলেটের খুলিয়াপাড়া এলাকা থেকে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের ‘এ বিল্ডিং’-এর সাধারণ সম্পাদক কাওছার আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। ছাত্রশিবিরের নেতাদের কাছ থেকে ‘জিহাদে উদ্বুদ্ধকারী বই’ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। পুলিশ জানায়, জিয়াউল হক গত ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী পরিবহন বাসে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলারও এজাহারভুক্ত আসামি।
ছাত্রলীগের নেতা উত্তম কুমার দাসের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে গত বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের স্কুল ও কলেজবিষয়ক সম্পাদক জাবেদুর রহমান গ্রেপ্তার হন।
২৯ সেপ্টেম্বর পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ৩০ সেপ্টেম্বর থেকে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত ছুটি রয়েছে। তাই আবাসিক হল ও মেস ছেড়ে বাড়িতে যেতে শুরু করেছেন শিক্ষার্থীরা।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা উত্তমের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য পুলিশ আদালতে আবেদন করেছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের একটি রেস্তোরাঁয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাসকে কুপিয়ে গুরুতর জখম করে মুখোশধারীরা। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে সিলেটের জালালাবাদ থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন।