ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তারের পর ছেড়ে দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক নির্যাতনের অভিযোগে করা মামলার আসামি উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলামকে সোমবার ভোরে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে চারটার দিকে পৌর শহরের মালিবাগ এলাকার নিজ বাড়ি থেকে জাহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মধ্যবাজারে কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। পরে মিছিলকারীরা জামালপুর-বকশীগঞ্জ সড়কের বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় একটি ট্রাকসহ পাঁচটি যানবাহন ভাঙচুর করা হয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
স্থানীয় কয়েকজন সাংবাদিক জানান, স্থানীয় একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশের জেরে গত শনিবার বিকেলে দৈনিক ভোরের কাগজ-এর উপজেলা প্রতিনিধি বিল্লাল হোসেনকে ছাত্রলীগের কার্যালয়ে ডেকে নেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল। পরে তাঁর নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী তাঁকে লাঠি দিয়ে বেধড়ক পেটান বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার রাতেই বিল্লাল হোসেন বাদী হয়ে জাহিদুলসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা করেন।
বিল্লাল হোসেন বলেন, ‘ছাত্রলীগের কার্যালয়ে ডেকে নিয়ে হাত-পা বেঁধে তাঁরা মুঠোফোনে প্রথমে আমার ছবি তোলেন। পরে ছাত্রলীগের সভাপতির নির্দেশে পাঁচ-সাতজন লাঠি দিয়ে বেধড়ক পেটান। পুলিশ তাঁকে গ্রেপ্তার করার পর কোন যুক্তিতে ছেড়ে দিল বুঝতে পারছি না।’
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও বকশীগঞ্জ থানার উপপরিদর্শক নয়ন দাস জানান, গ্রেপ্তারের পর পর ভোর ছয়টার দিকে পুলিশ ছাত্রলীগের নেতা জাহিদুলকে বকশীগঞ্জ থানা থেকে জামালপুর সদর থানায় নিয়ে যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, সাংবাদিককে মারধরের মামলায় জাহিদুল ইসলামকে আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে প্রেরণের জন্য সদর থানায় পাঠানো হয়। সেখানে পুলিশ সুপারের কার্যালয় থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৪৯৭ ধারায় পুলিশ কোনো ব্যক্তির জিম্মায় আসামিকে ছেড়ে দিতে পারে। হয়তো সেভাবেই ছেড়ে দেওয়া হয়ে থাকতে পারে।
এ বিষয়ে চেষ্টা করেও জাহিদুলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাছানুজ্জামান সজীব বলেন, বকশীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাটি সমাধানের দায়িত্ব নেওয়ায় তাঁকে ছেড়ে দেয় পুলিশ।
তবে এ ব্যাপারে ভারপ্রাপ্ত ইউএনও সাদেকুর রহমান বলেন, ‘ছাত্রলীগের সভাপতিকে ছাড়ার বিষয়ে কারও সঙ্গে আমার কোনো কথা হয়নি।’
এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, স্থানীয় কয়েকজন পত্রিকার সম্পাদক বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেওয়ায় ছাত্রলীগের সভাপতিকে ছেড়ে দেওয়া হয়। তবে কোনো ব্যক্তি বিশেষের আশ্বাসে গ্রেপ্তার হওয়া আসামিকে ছাড়া যায় কিনা এমন প্রশ্নের কোনো সদুত্তর না দিয়ে পুলিশ সুপার স্থানীয় এক পত্রিকার সম্পাদকের সঙ্গে কথা বলার জন্য বলেন।