ছাত্রলীগের নেতাকে ট্রেন থেকে ফেলে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অনুষ্ঠিত ছাত্রলীগের সমাবেশ থেকে ফেরার পথে চট্টগ্রামের বার আউলিয়া ডিগ্রি কলেজের ছাত্রলীগের এক নেতাকে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত ছাত্রলীগের ওই নেতার নাম তৌকিরুল ইসলাম (২২)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার আবদুর রহিমের ছেলে। তিনি চট্টগ্রামের বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে দাবি করেন তাঁর খালাতো ভাই নাজমুল হাসান ও মো. মামুন।


নাজমুল ও মামুনের অভিযোগ, গতকাল ছাত্রলীগের সমাবেশ শেষে রাতে ফেরার পথে আসনে বসাকে কেন্দ্র গাজীপুরের টঙ্গী রেলস্টেশনের পর থেকে লোহাগাড়া ও সাতকানিয়ার কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। ট্রেনের ওই বগিতে লোহাগাড়া এলাকার কর্মীরা সংখ্যায় কম ছিলেন। সাতকানিয়া কেরানিরহাট এলাকার কর্মীরা বেশি ছিলেন। গাজীপুরের নিমতলী এলকায় ট্রেনের ওই বগি থেকে লোহাগাড়া এলাকার অন্তত চারজন কর্মীকে দরজা-জানালা দিয়ে ফেলে দেওয়া হয়। এর মধ্যে তৌকিরুল মারা যান। অন্য তিনজন কোন হাসপাতালে, তা তাঁরা জানেন না। নাজমুল ও মামুন অভিযোগ করেন, জেলা ছাত্রলীগের অবহেলা ও সমন্বয়হীনতার ফলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।


এ ঘটনায় আহত লিটন ও শাহেদ নামের দুজন উত্তরার ১১ নম্বর সেক্টরের বেসরকরি রিজেন্ট হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত আড়াইটার দিকে তৌকিরুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।


ঢাকা জিআরপি (রেল পুলিশ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ জানান, চট্টগ্রাম মেইল ট্রেনে যাওয়ার সময় ছাত্রলীগের এক গ্রুপ আরেক গ্রুপকে ট্রেন থেকে নামিয়ে দেয়। এ সময় চলন্ত ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে তৌকিরুল মারা যান। ট্রেনটি রাত ১০টার দিকে কমলাপুর স্টেশন ছেড়ে যায়। সাড়ে ১১টা থেকে ১২টার দিকে গাজীপুরের নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে। ওসি জানান, যে এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে, সেটি ভৈরব রেলওয়ে থানা এলাকার মধ্যে পড়েছে।