মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকনগর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কলেজটির এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। পরীক্ষার ফরম পূরণ ও ভর্তিকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
কলেজ সূত্র জানায়, কলেজে স্নাতক (পাস) শ্রেণির বিভিন্ন বর্ষের পরীক্ষার ফরম পূরণ এবং প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া চলছে। ফরম পূরণে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ১ হাজার ৬০০ টাকা, দ্বিতীয় বর্ষের ১ হাজার ৬০০ টাকা ও চূড়ান্ত বর্ষের ৩ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম বর্ষে ভর্তির জন্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার থেকে ২ হাজার টাকা। প্রভাষক শহিদুল ইসলামকে ফরম পূরণ ও ভর্তি কমিটির আহ্বায়ক করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ ও ভুক্তভোগী শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কয়েক দিন ধরে ফরম পূরণ ও ভর্তিতে সুবিধা হিসেবে ‘কোটা’ দাবি করে আসছেন। এ কোটায় তিনি কলেজের নির্ধারিত টাকার চেয়ে কম টাকায় পাঁচজন পরীক্ষার্থীর ফরম পূরণ এবং পাঁচজন শিক্ষার্থীকে ভর্তির জন্য শহিদুল ইসলামকে চাপ দিয়ে আসছিলেন। মোজাম্মেল ওই শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত টাকাই নিয়েছেন। কিন্তু এতে শহিদুল ইসলাম রাজি হননি। এ কারণে মোজাম্মেল তাঁর ওপর ক্ষিপ্ত হন।
শিক্ষক শহিদুল ইসলাম বলেন, গতকাল কলেজের কাজ শেষে মোটরসাইকেলে করে তিনি জেলা শহরের বাড়িতে ফিরছিলেন। বেলা তিনটার দিকে তালুকনগর উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছালে মোজাম্মেল হোসেনসহ তিনজন তাঁর পথরোধ করেন। ওই তিনজন তাঁর জামার কলার ধরে মারধরের চেষ্টা করলে কলেজটির অপর শিক্ষক আলমগীর হোসেন বাধা দেন।
ছাত্রলীগ নেতা মোজাম্মেল হোসেন বলেন, ওই শিক্ষককে লাঞ্ছিত করা হয়নি। হুমকিও দেওয়া হয়নি। ফরম পূরণ ও ভর্তির জন্য ছাত্রলীগের কয়েকজন কর্মীর কাছ থেকে কিছু টাকা কম নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
কলেজটির অধ্যক্ষ অজিত কুমার সাহা বলেন, শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা সত্য।