কক্সবাজার শহরে গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের এক নেতার রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এই হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছে ছাত্রলীগ। এদিকে ছাত্রলীগের নেতার ওপর হামলার পর জেলা জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।
আহত রাজিবুল ইসলাম মোস্তাক কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। রাষ্ট্রবিজ্ঞান সম্মান তৃতীয় বর্ষের ছাত্র মোস্তাকের বাড়ি চকরিয়ায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল রাত আটটার দিকে মোস্তাক হেঁটে কক্সবাজার সদর হাসপাতালের দিকে যাচ্ছিলেন। হাসপাতাল সড়কের একটি মসজিদের সামনে শিবিরের ছয় কর্মী তাঁকে ধরে লাঠি দিয়ে বেদম মারধর শুরু করেন। এতে মোস্তাকের মাথা ফেটে যায়। এরপর তাঁরা ধারালো অস্ত্র দিয়ে মোস্তাকের ঠোঁট ও ডান পায়ের রগ কেটে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন মোস্তাককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে কয়েকজন তরুণ হাসপাতাল সড়কের পাশে শিবিরের একটি মেসে হামলা চালান এবং জেলা জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। রাত নয়টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সময় শহরের প্রধান সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। আতঙ্কে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। এ সময় বিদ্যুৎ-সংযোগও বন্ধ হয়ে যায়। আতঙ্কিত দোকানিরা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান।
জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ প্রথম আলোকে বলেন, কক্সবাজার সরকারি কলেজে শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানকে (ওরিয়েন্টশন) কেন্দ্র করে ছাত্রশিবির কর্মীদের সঙ্গে মোস্তাকের বিরোধ চলছিল। গতকাল রাতে মোস্তাককে একা পেয়ে শিবিরের সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ করে। তিনি বলেন, শিবিরের সন্ত্রাসীরা শহরের প্রধান সড়কে কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করে।
এ প্রসঙ্গে বক্তব্য জানতে চেষ্টা করেও জামায়াত এবং শিবিরের কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, শিবিরের ক্যাডারেরা মোস্তাকের ঠোঁট ও ডান পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ লোকজন জামায়াত কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এতে জামায়াত কার্যালয়ের আংশিক ক্ষতি হয়েছে।