ছাত্রলীগের নেতাসহ ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাজবাড়ীর পাংশায় দুর্বৃত্তদের হামলায় আহত স্কুলশিক্ষক তপন কুমার সরকার। গতকাল তোলা ছবি l প্রথম আলো
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাজবাড়ীর পাংশায় দুর্বৃত্তদের হামলায় আহত স্কুলশিক্ষক তপন কুমার সরকার। গতকাল তোলা ছবি l প্রথম আলো

রাজবাড়ীর পাংশা উপজেলায় পাংশা জর্জ পাইল মডেল উচ্চবিদ্যালয়ের এক শিক্ষককে গত শনিবার রাতে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগের নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত শিক্ষকের নাম তপন কুমার সরকার (৪৮)। তিনি ওই বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী শিক্ষক। তাঁর বাড়ি পাংশা পৌর এলাকার নারায়ণপুর গ্রামের দত্তপাড়া এলাকায়। শনিবার রাতেই আহত শিক্ষকের বাবা শিবনাথ সরকার আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে পাংশা থানায় মামলা করেন। পুলিশ মামলার প্রধান আসামি ফারুক হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। ফারুক পাংশা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় কয়েকজন বলেন, তপন কুমার সরকার সত্যজিৎপুর পালপাড়া গ্রামে এক ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। ওই ছাত্রীর সঙ্গে তাঁর অনৈতিক সম্পর্ক রয়েছে—এই অভিযোগ তুলে ছাত্রলীগের নেতাসহ আরও কয়েকজন তাঁর কাছে চাঁদা দাবি করেন। কিন্তু তিনি অভিযোগ প্রত্যাখ্যান করে চাঁদা দিতে অস্বীকার করেন।

শিবনাথ সরকার বলেন, তপন শনিবার রাত নয়টার দিকে পাংশা বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথে পাংশা সরকারি কলেজ ও পাংশা জর্জ পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের মাঝামাঝি স্থানে পৌছালে তাঁর গতিরোধ করে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত। এ সময় তাঁকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাঁর বাঁ পায়ের হাড় ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া মাথা-ডান হাতসহ বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পাংশা জর্জ পাইল মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নজীবুল্লাহ বলেন, দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান, কালুখালী কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন প্রমুখ। পরে ইউএনও ও পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি পেশ করা হয়।

পাংশা থানার ওসি তোফাজ্জেল হোসেন বলেন, শনিবার রাত ও গতকাল সকালের অভিযানে মামলার এজাহারভুক্ত ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। মারধরের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।