কেন কলেজের ইউনিফর্ম (পোশাক) পরে আসেনি, তা জানতে চাওয়ায় শিক্ষকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে চট্টগ্রামের ফটিকছড়ি ডিগ্রি কলেজের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষার্থীরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী বলে সাধারণ ছাত্ররা বলছেন।
ইউনিফর্ম ছাড়া ছাত্রলীগের নেতা-কর্মীরা ঢুকতে বাধা পেয়ে কলেজের একাধিক কক্ষে ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে কলেজ ছাত্রলীগের প্রথম বর্ষের একাধিক কর্মী ক্যাম্পাসে আসে। ইউনিফর্ম ছাড়া কেন তারা কলেজে ঢুকেছে, তা জানতে চান শিক্ষক মুহাম্মদ মনিরুজ্জামান। তিনি তাদের ক্লাসে যেতে বাধা দেন। বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে কেন বাধা দেওয়া হয়েছে, সে কৈফিয়ত চায় ওই শিক্ষকের কাছে। এ সময় শিক্ষকদের সঙ্গে তারা বাগ্বিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তারা কলেজের একাধিক কক্ষে ভাঙচুর চালায়।
শিক্ষক মনিরুজ্জামান বলেন, ‘ছাত্রলীগ করে এমন ছাত্ররা প্রায়ই ক্লাসের সামনে হইহুল্লা করে। তা ছাড়া, কলেজে তারা ইউনিফর্ম পরে আসতে চায় না।’
কলেজের অধ্যক্ষ আহমেদ রহিম প্রথম আলোকে বলেন, বাধা পাওয়ার পর ছাত্রলীগের কর্মীরা কলেজশিক্ষকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ায়। এতে উত্তেজিত হয়ে কিছু ছাত্র ভাঙচুর করে। পরে নেতা-কর্মীরা শিক্ষকদের কাছে এসে ক্ষমা চায়।
কজেল ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সাহেদুল আলম বলেন, ‘ছাত্রলীগের কেউ ভাঙচুর করেনি। তবে একজন শিক্ষকের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। পরে আমরা বসে তা সমাধান করে দিয়েছি। এখন কলেজ শান্ত।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রায়ই সেখানে নানা সমস্যা বাধানোর চেষ্টা করে। বিষয়টি বিরক্তিকর। আমরা প্রতিনিয়তই সামাল দেওয়ার চেষ্টা করছি।’