ছাত্রলীগের পর ছাত্রদলের নেতাকে বক্তব্য দিতে ডাকায় মঞ্চে উঠে উপস্থাপক কলেজশিক্ষককে জোর করে নামিয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতারা। গতকাল রোববার বিকেলে সিলেট ল কলেজে অর্থমন্ত্রীর সংবর্ধনা মঞ্চে এ ঘটনা ঘটে। মঞ্চে তখন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ অন্য অতিথিরাও উপস্থিত ছিলেন।
কলেজ থেকে জানা যায়, সিলেট ল কলেজ ক্যাম্পাসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সংবর্ধনা দেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট ল কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষের দায়িত্ব পালন করায় অর্থমন্ত্রীর বাবা আবু আহমদ আবদুল হাফিজকেও মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। এ কারণে অর্থমন্ত্রীসহ তাঁর পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিকেল পাঁচটায় শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন সিলেট ল কলেজের প্রভাষক শোয়েব আহমদ। শুরুতে ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমানকে বক্তৃতা দিতে বলেন উপস্থাপক। তাঁর বক্তব্যের পরই ছাত্রদল কলেজ শাখার এক নেতার নাম ঘোষণা করতেই ছাত্রলীগের নেতা-কর্মীরা হট্টগোল শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপস্থাপক শুধু ‘ছাত্রদল’ কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীরা চিৎকার-শোরগোল শুরু করেন। এ সময় জেলা ছাত্রলীগের সহসভাপতি রাশেদুল ইসলাম, সহসভাপতি আলী হোসেন দলবলসহ মঞ্চে উঠে উপস্থাপক শোয়েব আহমদকে ‘এই নাম বলছি’ বলে মঞ্চ থেকে জোর করে নামিয়ে নিয়ে যান।
মঞ্চে তখন সংবর্ধিত অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূঁইয়া, সিলেট জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান বসা ছিলেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা মঞ্চে উঠে তাঁদের সামনেই হট্টগোল করেন। একপর্যায়ে মঞ্চে বসা সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) ও সিলেট ল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মিসবাহউদ্দিন সিরাজ ছাত্রলীগের নেতা-কর্মীদের মঞ্চ থেকে নামান। তাঁদের বাধার মুখে পরে আর কলেজশিক্ষককে অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যায়নি।
এ ঘটনার পরপরই ল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সৈয়দ মহসিন আহমদ বক্তব্য দেন। বক্তৃতার এক পর্যায়ে তিনি ল কলেজ কোনো দলের নয়, অনুষ্ঠানটিও দলীয় নয় বলে সব ছাত্রছাত্রীকে দলমত-নির্বিশেষে সহনশীল থাকার আহ্বান জানান।
মঞ্চে উঠে অতিথিদের সামনে এ ধরনের আচরণের কারণ সম্পর্কে জেলা ছাত্রলীগের সহসভাপতি রাশেদুল ইসলাম বলেন, ‘উনি (উপস্থাপক) প্রটোকল মানেননি।’ প্রটোকল কী? জানতে চাইলে তিনি বলেন, ‘ছাত্রলীগ বড় দল। অন্য ছাত্রসংগঠনের কেউ বক্তব্য দিতে চাইলে ছাত্রলীগের আগে দেবে। ছাত্রলীগের পরে ছাত্রসংগঠনের আর কেউ বক্তব্য দিতে পারে না। এটাই প্রটোকল!’