ছাত্রলীগের পাঁচ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে গত বছরের ১৪ ডিসেম্বর অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারের পাঁচ মাস পর অস্ত্র মামলায় ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে গত রোববার আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
তবে সর্বাত্মক চেষ্টা করেও ঘটনায় জড়িত অজ্ঞাতপরিচয় আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ কিংবা গ্রেপ্তার করা সম্ভব হয়নি দাবি করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। এ মামলায় সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার ২২ ছাত্রলীগ কর্মীকে অব্যাহতিরও সুপারিশ করা হয় অভিযোগপত্রে। আজ মঙ্গলবার চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম মুন্সী মশিয়ার রহমানের আদালতে অভিযোগপত্রটি উপস্থাপন করা হবে।
পাঁচ আসামি হলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আনিছুর রহমান, উদ্ভিদবিদ্যা বিভাগের ছাত্র আশরাফুজ্জামান, সমাজতত্ত্ব বিভাগের রাশেদ হোসাইন ও মোশারফ হোসেন এবং ইংরেজি বিভাগের ছাত্র রুবেল কান্তি দে। এদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ-সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলেন আশরাফুজ্জামান, রুবেল দে সহসম্পাদক ও বাকিরা কমিটির সদস্য ছিলেন। তাঁরা তাপস হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি।
২০১৪ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত ছাত্রাবাসের সামনে ছাত্রলীগের ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) পক্ষের নেতা-কর্মীর সঙ্গে সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) পক্ষের মধ্যে গুলিবিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ছাত্রলীগের কর্মী তাপস সরকার। পরে পুলিশ শাহজালাল হলে তল্লাশি চালিয়ে পিস্তল, পাঁচটি গুলি, পিস্তলের ম্যাগাজিন, দুটি শটগানের কার্তুজ, চারটি শটগানের কার্তুজের খোসা, একটি রামদা, কিরিচ ও লোহার রড উদ্ধার করে। এ ঘটনায় অস্ত্র আইনে পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক উনু মং প্রথম আলোকে জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অস্ত্র উদ্ধারের মামলায় পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে হাটহাজারী থানা-পুলিশ। এ মামলায় গ্রেপ্তার ২২ জনকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে। অভিযোগপত্রটি মঙ্গলবার চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতে উপস্থাপন করা হবে।
জানতে চাইলে তদন্ত কর্মকর্তা হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) এ আই এম তৌহিদুল করিম জানান, পাঁচজনের কক্ষ থেকে অস্ত্র গুলি উদ্ধার ছাড়াও তাঁদের সহযোগীদের কক্ষ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছিল। কিন্তু তাঁদের সঠিক নাম-ঠিকানা না পাওয়ায় আসামি করা হয়নি। ভবিষ্যতে পেলে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে। পাঁচ মাস তদন্তের পরও নাম-ঠিকানা না পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘অনেক চেষ্টা করেছি’।
পাঁচ আসামির মধ্যে প্রধান দুই আসামি আনিছুর রহমান ও আশরাফুজ্জামান ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।