জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই সাংবাদিককে মারধরের ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
৮ জুন রাতে সংবাদ সংগ্রহের সময় বিডিনিউজ টোয়েন্টিফোরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. শফিকুল ইসলামকে মারধর করা হয়। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ইতিহাস বিভাগের ছাত্র মহিতোষ রায়, সহসম্পাদক মার্কেটিং বিভাগের ছাত্র ইকরাম উদ্দিন ওরফে অমি ও ছাত্রলীগের কর্মী পরিসংখ্যান বিভাগের ইকরাম নাহিদকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সাংবাদিক মারধরের ঘটনায় ৮ জুন রাতেই মহিতোষকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। এ ছাড়া ঘটনার অধিকতর তদন্তের জন্য মাওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ সৈয়দ হাফিজুর রহমানকে প্রধান ও উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলীকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে ৫ জুন বিডি প্রেস ডটনেটের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু রায়হানকে মারধরের ঘটনায় ছাত্রলীগের কর্মী নৃ-বিজ্ঞান বিভাগের ছাত্র শরীফ হোসেন ওরফে লস্কর ও বাংলা বিভাগের রিয়াজুল ইসলামকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় জাহানারা ইমাম হলের প্রাধ্যক্ষ আনোয়ার খসরু পারভেজকে প্রধান ও উপ-রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি-২) এ বি এম আজিজুর রহমানকে সদস্যসচিব করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।