ছাত্রলীগের বহিষ্কৃত অস্ত্রধারী দুই নেতা কারাগারে

রাজধানীর গুলিস্তানে হকারদের প্রতি অস্ত্র উঁচিয়ে হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগের দুই নেতার জামিন আবেদন নাকচ করে কারাগার পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারী এ আদেশ দেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, এ মামলায় আজ দুই আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত ওই আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৭ অক্টোবর গুলিস্তান এলাকায় সড়ক ও ফুটপাত থেকে পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই উচ্ছেদের সময় ডিএসসিসির কর্মচারী ও একদল যুবকের সঙ্গে ওই এলাকার হকারদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে ওই যুবকদের মধ্যে সাব্বির হোসেন ও আশিকুর রহমানকে আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলিবর্ষণ করতে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে সংগঠন থেকে তাঁদের বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
৩১ অক্টোবর রাতে পুলিশ বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করে পুলিশ।