ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতাসহ গ্রেপ্তার ৭
ঝালকাঠি শহরে গতকাল সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ছয় বোতল বিদেশি মদসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি লিমন নকিব (২৮), ঝালকাঠি শহর ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক (২৬), ঝালকাঠি শহরের বাসিন্দা রাসেল হোসেন (২৩), রাজাপুর শহরের মেডিকেল মোড় এলাকার বাসিন্দা রিপন গাজী (২১), একই এলাকার মো. রানা (২৪), উপজেলার পুখরিজানা গ্রামের রাসেল খান (২২) ও পালবাড়ি মহল্লার লিয়ন হোসেন (২১)।
ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম তালুকদার জানান, ঝালকাঠি শহরের ইছানীল এলাকায় মোটরসাইকেল থামিয়ে এক বোতল বিদেশি মদসহ লিয়ন ও রাসেল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী শহরের হোগলাপট্টি এলাকার একটি ভবনের তৃতীয় তলায় সৈয়দ নাজমুল হকের বাসায় তল্লাশি চালিয়ে আরও পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। এ সময় অন্য পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রাতে ঝালকাঠি সদর থানার এসআই বেলায়েত হোসেন বাদী হয়ে লিয়ন ও রাসেলের বিরুদ্ধে এবং এসআই মিলন হোসেন বাদী হয়ে লিমন নকিব, সৈয়দ নাজমুল হক, রিপন গাজী, রানা ও রাসেল খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
ঝালকাঠি সদর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম মাহমুদ হাসান প্রথম আলোকে জানান, ঈদ উপলক্ষে মাদকের বিস্তার ঘটেছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।