ছাত্রলীগের বাধায় নির্মাণকাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। গতকাল বুধবার নেতা-কর্মীদের বাধার মুখে ভবনের সীমানাপ্রাচীর নির্মাণের কাজ বন্ধ হয়ে গেছে।
ছাত্রলীগের দাবি, ১৯৮৮ সালের গণহত্যায় নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের জায়গা দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করছে আইনজীবী সমিতি। তবে আইনজীবী সমিতির দাবি, জায়গা দখল করে ভবন হচ্ছে না। ৪০-৫০ জন নেতা-কর্মী গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম আদালতের প্রবেশমুখে অবস্থান নেন। তাঁরা শহীদদের স্মৃতি রক্ষার দাবিতে স্লোগান দেন এবং সীমানাপ্রাচীরের কিছু অংশ ভেঙে ফেলেন। এ সময় আইনজীবীদের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়।
১৯৮৮ সালের ২৪ জানুয়ারি নগরের লালদীঘি মাঠে শেখ হাসিনার সমাবেশে পুলিশের গুলিতে ২৪ জন নিহত হন। ওই ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে ১৯৯১ সালে আদালত ভবনের প্রবেশমুখে সরকারি জায়গায় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, গণহত্যায় নিহত ব্যক্তিদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের সৌন্দর্যবর্ধনের জন্য চারপাশে দেয়াল দেওয়া হচ্ছে। স্তম্ভের পেছনে পুরো ইতিহাস লেখা থাকবে। যাতে সহজে লোকজন ঘটনাটি সম্পর্কে জানতে পারেন। আইনজীবীদের জন্য স্মৃতিস্তম্ভের পাশে ‘দোয়েল’ নামে নতুন ভবন তৈরি করা হচ্ছে। সরকারি কোনো জায়গা দখল করা হচ্ছে না। তিনি বলেন, কিছু লোক আওয়ামী লীগ নেতাদের ভুল বুঝিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।
কাজ বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজম গতকাল সন্ধ্যায় জানান, স্মৃতিস্তম্ভের জায়গা দখল করে আইনজীবীদের জন্য ভবন নির্মাণ করা হচ্ছে। তাই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।