পরীক্ষার ফরম পূরণে বেশি টাকা নেওয়ার অভিযোগে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সম্মান চতুর্থ বর্ষের ফরম পূরণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফির বাইরে নানা খাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে জেলা ছাত্রলীগের নেতারা গতকাল বুধবার কলেজে গিয়ে ফরম পূরণ বন্ধ করে দেন।
এদিকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ওঠায় গতকাল বুধবার দুপুরে ছাত্রলীগের নেতাদের সঙ্গে বৈঠকে বসে কলেজ প্রশাসন। কিন্তু সেখানে কোনো সুরাহা না হওয়ায় ছাত্রলীগের নেতারা বৈঠক থেকে বেরিয়ে ফরম পূরণের কার্যক্রম বন্ধ করে দেন।
বিশ্ববিদ্যালয়ের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী ২০ ফেব্রুয়ারির মধ্যে ফরম পূরণের কার্যক্রম শেষ করতে হবে।
কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি ফরম পূরণের কার্যক্রম শুরুর পর থেকেই শিক্ষার্থীরা অভিযোগ তোলেন, বিশ্ববিদ্যালয়ের পরিপত্রের বাইরে তাঁদের কাছ থেকে বিপুল অঙ্কের অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।
এদিকে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে গত মঙ্গলবার ছাত্রলীগের নেতারা কলেজে এসে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ জানান।
ছাত্রলীগের কয়েকজন নেতার অভিযোগ, ফরম পূরণের ফি বিভাগভেদে ২ হাজার ৭০০ থেকে সাড়ে তিন হাজার টাকা। কিন্তু কলেজ প্রশাসন ফরম পূরণ ও সেশন ফি বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে সাড়ে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত আদায় করছে। আলাদাভাবে প্রত্যেক বিভাগ বিভিন্ন খাতে আরও কয়েক শ টাকা আদায় করছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় বলেন, বেশি ফি আদায়ের ব্যাপারে বৈঠকে কলেজ প্রশাসন কোনো যুক্তিসংগত ব্যাখ্যা দিতে পারেনি। এ কারণে ফরম পূরণের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ফি না কমানো পর্যন্ত কার্যক্রম চালাতে দেওয়া হবে না।
কলেজের অধ্যক্ষ সাম্স্-উল আলম দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের পরিপত্রের বাইরে কোনো শিক্ষার্থীর কাছ থেকে এক টাকাও বেশি ফি আদায় করা হচ্ছে না। ফরম পূরণের ফি এবং সেশন ফি একসঙ্গে নেওয়ার কারণে কারও কারও কাছে এই ফি বেশি মনে হচ্ছে। সরকারি কলেজে বেশি ফি নেওয়ার কোনো সুযোগ নেই।