ছাত্রলীগের বিবদমান দুই পক্ষ আবাসিক হলে মুখোমুখি অবস্থানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের বিবদমান দুই পক্ষই আবাসিক হলে মুখোমুখি অবস্থান নিয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস ও হলের বাইরে থাকা পক্ষকে আবাসিক হলে তুলে দেয়।

এ নিয়ে গতকাল বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত দফায় দফায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। দুই পক্ষই মুখোমুখি অবস্থানে থাকায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে ক্যাম্পাস ও হলের বাইরে থাকা পক্ষের ছাত্রলীগের নেতা-কর্মীরা উপাচার্য ভবনে প্রবেশ করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার সঙ্গে বৈঠকে বসেন।

এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ক্যাম্পাস ও হলে অবস্থানকারী পক্ষের নেতা-কর্মীরা এ সময় শাহ পরান হলের সামনে প্রশাসনের কর্মকর্তাদের কাছে অভিযোগ করে বলেন, গত ২০ নভেম্বর হত্যার ঘটনায় জড়িত ও অস্ত্রধারীদের হলে ঢুকতে দিলে তাঁরা প্রতিহত করবেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে বেলা একটার দিকে হলের বাইরে থাকা পক্ষকে প্রশাসন হলে তুলে দেয়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এমদাদুল হক বলেন, ‘দুই পক্ষের মধ্যে একাধিকবার সমঝোতার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি। সংঘর্ষের আশঙ্কা থাকলেও এখন দুই পক্ষকে একসঙ্গে তুলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।’

প্রসঙ্গত, গত বছরের ২০ নভেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সুমন চন্দ্র দাস নামের ছাত্রলীগের এক কর্মী নিহত হন। এ ঘটনায় তিনটি মামলা হয়েছে।