বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। ইফতার অনুষ্ঠান আয়োজন ও উচ্চমাধ্যমিক ব্যবহারিক পরীক্ষায় টাকা আদায়কে কেন্দ্র করে বিরোধের জের ধরে গত শুক্রবার এ ঘটনা ঘটে।
ওই ঘটনার কারণে ইফতার অনুষ্ঠান আয়োজন পণ্ড হয়ে যায়। এর জের ধরে অধ্যক্ষ সচিন কুমার রায়কে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগ। গতকাল শনিবার তিনি কলেজে ঢুকতে পারেননি।
কলেজের শিক্ষক, শিক্ষার্থী সূত্র জানায়, শুক্রবার কলেজে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বরিশাল-৫ (সদর) আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজকে প্রধান অতিথি করার দাবি করেন ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম। তাঁকে বাদ দিয়ে ইফতার অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করায় ক্ষুব্ধ হয় ছাত্রলীগ। এর জের ধরে দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে জড়ো হন। একপর্যায়ে তাঁরা অধ্যক্ষের বিরুদ্ধে উচ্চমাধ্যমিক ব্যবহারিক পরীক্ষায় অর্থ আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ করেন। পরে রেজাউল ইসলামের নেতৃত্বে অধ্যক্ষকে লাঞ্ছিত ও গালাগাল করা হয়। এ সময় অধ্যক্ষ কলেজ থেকে বেরিয়ে যান। ফলে ইফতার অনুষ্ঠান আয়োজন পণ্ড হয়ে যায়।
কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, সাংসদকে নিমন্ত্রণ না করা, ব্যবহারিক পরীক্ষায় অতিরিক্ত অর্থ নেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গালাগাল করায় অধ্যক্ষ কলেজ ছাড়তে বাধ্য হন। এ সময় কেউ তাঁর মুঠোফোনটি নিয়ে গেছে।
কলেজ ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম বলেন, ‘ইফতার অনুষ্ঠান আয়োজনে সাংসদ জেবুন্নেছা আফরোজকে নিমন্ত্রণ করার কথা ছিল। কিন্তু কলেজের অধ্যক্ষ তাঁকে বাদ দিয়ে এবং ছাত্রলীগকে না জানিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিলেন। পরে আর করতে পারেননি। তা ছাড়া তিনি ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তাঁদের সঙ্গে আমি অধ্যক্ষের কাছে বিষয়টি জানতে যাই। তাঁকে লাঞ্ছিত কিংবা গালাগাল করা হয়নি। সঠিক জবাব দিতে না পেরে তিনি কলেজ থেকে বেরিয়ে গেছেন। এরপর আমরা তাঁকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করেছি।’
অধ্যক্ষ সচিন কুমার রায় গতকাল বলেন, ‘ছাত্রলীগের নেতা রেজাউল ইসলামকে আর্থিক সুবিধা না দেওয়ার কারণে সে আমাকে লাঞ্ছিত করেছে। এখন আবার হুমকি দিচ্ছে কলেজে না ঢোকার জন্য। আমি গতকাল কলেজে যেতে পারিনি। পাঁচ বছর আগে পাস করে যাওয়া একজন অছাত্র ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছে। রেজাউল ইসলামকে অর্থ না নিয়ে কোনো কাজই করা যায় না। ইফতার অনুষ্ঠান আয়োজনের আগেও সে টাকা নিয়েছে।’
এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতি রেজাউল বলেন, ‘কলেজ থেকে অর্থ নেওয়ার প্রশ্নই ওঠে না। অধ্যক্ষ আমার নামে মিথ্যা রটানোর চেষ্টা করছেন।’