ছাত্রলীগের বিরুদ্ধে আইনজীবীকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলায় ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে এক আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছে। ওই আইনজীবী ছাত্রদল নেতা আবদুর রাজ্জাক হত্যা মামলায় গতকাল সোমবার অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন দিতে যান। এরপরই আদালত চত্বরের সামনের সড়কে তাঁকে মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুর রাজ্জাক হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে রয়েছেন হযরত আলী ও হারুন ফরাজি। গত জুলাইয়ে শশীভূষণ থানা-পুলিশ এ মামলায় অভিযোগপত্র দাখিল করে। তবে বাদীপক্ষের অভিযোগ প্রকৃত অপরাধীদের বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়া হয়েছে। গতকাল আইনজীবী হযরত আলী ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করতে আদালতে যান। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের একদল কর্মী তাঁকে জোর করে বাইরে নিয়ে যান। পরে উপজেলা সড়কে নিয়ে তাঁরা হযরত আলীকে মারধর করেন। এ সময় মামলার কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ এসে হযরত আলীকে উদ্ধার করে।

হযরত আলী ও হারুন ফরাজি গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ‘ছাত্রলীগের বাধার কারণে নারাজি আবেদন দিতে পারিনি। এ জেলায় আমাদের কোনো নিরাপত্তা নেই এবং প্রাণনাশের আশঙ্কা রয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছি।’

এ অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগ সভাপতি ইউসুফ হোসেন বলেন, ‘এক ছাত্রলীগ কর্মীর ভাইয়ের দোকানের পাওনা টাকা না দেওয়ায় আইনজীবী হযরত আলীর সঙ্গে তাঁদের হাতাহাতি হয়েছে। এখানে ছাত্রলীগ জড়িত নয়।’ 

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘একদল বখাটে ছেলেপেলে টাকা পাওনা নিয়ে আইনজীবী হযরত আলীর ওপর হামলা করে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তিনি হাসপাতালে ভর্তি হননি।’ 

উল্লেখ্য, গত বছর ২৫ সেপ্টেম্বর উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে বেড়িবাঁধের ওপর থেকে আবদুর রাজ্জাকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রাম-পুলিশের এক সদস্য শশীভূষণ থানায় মামলা করেন। পরের দিন নিহত রাজ্জাকের বাবা মোহাম্মদ হোসেন পুনরায় মামলা করেন।