ছাত্রলীগের বিরুদ্ধে খাবার লুটের অভিযোগ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের জন্য রান্না করা খাবার ছাত্রলীগ নামধারী নেতা-কর্মীরা লুট করে নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাস মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত একাধিক শিক্ষক বলেন, বৃহস্পতিবার দুপুরে কলেজের শিক্ষক আবদুল হান্নান ও অফিস সহকারী শহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে কলেজে এবার একমাত্র জিপিএ-৫ পাওয়া দৃষ্টিহীন ছাত্র আবদুল্লাহ আল শাইমকেও সংবর্ধনা দেওয়া হয়।
অধ্যক্ষ সেলিম আহমেদের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক আহসানুল কবীর। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম ও কলেজের পরিচালনা পর্ষদের সদস্য শামসুজ্জোহা মন্টু। অনুষ্ঠানে শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের জন্য প্রায় ৮০ জনের দুপুরের খাবারের আয়োজন ছিল।
অনুষ্ঠান চলাকালে কলেজের ছাত্রলীগ নামধারী ছাত্ররা শূন্যপদে যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়াসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশ শেষে তাঁরা সংবর্ধনা অনুষ্ঠানের অতিথিদের দুপুরের খাবারের মাংসের পাত্র নিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক শিক্ষক বলেন, অনুষ্ঠানে ছাত্রলীগের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়। তাঁরা না এসে পরিকল্পিতভাবে শিক্ষকদের গালাগাল করে রান্না করা খাবার নিয়ে যান। পরে অতিথিদের খাবারে টান পড়ে।
এ ব্যাপারে কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দাবিদার রাসেল আহমেদ সাংবাদিকদের কাছে দাবি করেন, মিছিলের পর তিনি কলেজে ছিলেন না। তাই খাবার নেওয়ার বিষয়টি তাঁর জানা নেই।