ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদা না পেয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগ
সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা দুই দফায় অন্তত ১২টি বাস ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। ১৫ আগস্ট উপলক্ষে চাঁদা না দেওয়ায় তাঁরা এই ভাঙচুর চালান বলে অভিযোগে বলা হয়।
ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজের সামনের সড়ক অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে রেখেছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বাহাদুর শাহ পার্কের উত্তর পাশের সড়কে গতকাল রাত আটটার দিকে সদরঘাট থেকে বিমানবন্দর রোডে চলাচলকারী ভিক্টর পরিবহনের চারটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়। একই জায়গায় আজ বেলা ১১টায় আজমেরি পরিবহনের ছয়টি ও ভিক্টর পরিবহনের দুটি বাসের কাচ ভাঙচুর করা হয়। গতকাল রাতে ভাঙচুরের পর রাত ১১টা পর্যন্ত ওই সড়কে বাস চলতে দেননি ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজও একই ধরনের ঘটনায় বেলা ১১টার পর থেকে ওই সড়ক অবরোধ করে রেখেছেন তাঁরা।
বেলা দুইটায় সরেজমিনে দেখা যায়, কলেজ ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী কলেজের ফটকের ভেতরে চেয়ার নিয়ে বসে আছেন। আর কলেজের সামনের সড়কটি সিমেন্টের তৈরি সড়ক বিভাজনের ব্লক দিয়ে অবরোধ করে রাখা হয়েছে।
ভিক্টর পরিবহন রোড কমিটির নেতারা জানান, চলতি মাসের ১০ তারিখ থেকে সরকারি কবি নজরুল কলেজের ছাত্রলীগ শাখার নেতারা ১৫ আগস্ট উপলক্ষে অনুষ্ঠানের জন্য চাঁদা চেয়ে দেখা করতে বলেন। কিন্তু দেখা না করায় তাঁরা আমাদের পরিবহন ভাঙচুর করেছেন। এ ব্যাপারে সূত্রাপুর থানা-পুলিশের কাছে অভিযোগ দিয়ে আমরা কোনো ফল পাইনি।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সাংবাদিকদের বলেন, কলেজের নিরাপত্তার স্বার্থে রাস্তাটি বন্ধ রাখা হয়েছে। যেকোনো মুহূর্তে ওই সড়কে দুর্ঘটনা ঘটতে পারে। পরিবহন মালিকদের কাছে চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের অভিযোগ এখনো আমি পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।’