ছাত্র ফ্রন্টের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় কমিটি
ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্র ফ্রন্টের নেতাদের থাপ্পড়ের অভিযোগ
দেয়ালে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্র ফ্রন্টের দুজন নেতাকে চড়-থাপ্পড় মারার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ভোরে বিশ্ববিদ্যালয়টির আশরাফুল হক হলে এ ঘটনা ঘটে।
এদিকে গত মাসে ছাত্র ফ্রন্টের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গত মঙ্গলবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা আদেশনামায় ওই সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এ ধরনের ঘটনা এড়াতে করণীয়র সুপারিশ চাওয়া হয়েছে।
আশরাফুল হক হল সূত্রে জানা যায়, হলটির নোটিশ বোর্ড ও একটি দেয়ালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি-সংবলিত বেশ কিছু পোস্টার সাঁটানো রয়েছে। সোমবার এর ওপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঘেরাও-বিষয়ক দুটি পোস্টার লাগিয়ে দেন বাসদ (খালেকুজ্জামান) ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গতকাল ভোর চারটার দিকে হলের ১০২ নম্বর কক্ষে গিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফ্রন্টের সহসভাপতি সুজন রায় ও সহসম্পাদক আশিকুর রহমানকে চড়-থাপ্পড় মারেন ছাত্রলীগের কয়েকজন কর্মী।
ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সৌরভ দাস বলেন, ‘ভুল স্বীকার করার পরও হলের অতিথিকক্ষে আমিসহ নেতা-কর্মীদের গালাগাল ও শাসিয়ে দেওয়া হয়। হলের কয়েকজন নেতা-কর্মীকেও হল থেকে বের করে দেওয়া হয়।’
এ বিষয়ে প্রক্টর এ কে এম জাকির হোসেন বলেন, ‘ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীদের হলকক্ষে উঠিয়ে দিয়েছি। ঘটনা মীমাংসা করে দেওয়া হয়েছে।’ ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী বলেন, ‘ঘটনাটি মীমাংসা হয়েছে বলে জানতে পেরেছি।’
এদিকে বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৭ ও ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে সংগঠনের কার্যালয় দখল নিয়ে ছাত্র ফ্রন্টের মার্ক্সবাদী ও মূলধারা পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় উভয় পক্ষের ১৪ জন আহত হয়। সংঘর্ষের দ্বিতীয় দিন কার্যালয়টি সিলগালা করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর ১৭ দিন পর মঙ্গলবার তদন্ত কমিটি গঠন করে গতকাল বুধবার আদেশনামা প্রকাশ করেছে প্রশাসন। কমিটিতে কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক আবদুস সালামকে সভাপতি এবং সহকারী প্রক্টর মো. আজহারুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিতে একমাত্র সদস্য হিসেবে রয়েছেন পশুপুষ্টি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আল-মামুন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ছাইফুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় উল্লেখ না থাকলেও শিগগির দিতে মৌখিকভাবে বলা হয়েছে।