চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের দ্বিতীয় পর্যায়ের কাজ ও জননেত্রী শেখ হাসিনা ছাত্রীনিবাসের দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজের দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, গতকাল বুধবার ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মার্ক বিল্ডার্স লিমিটেডের জ্যেষ্ঠ প্রকৌশলী নুরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর দপ্তরে দরপত্র জমা দিতে যান।
ওই সময় ছাত্রলীগের নেতারা তাঁর কাছ থেকে দরপত্র কেড়ে নিয়ে তাঁকে ক্যাম্পাসে না আসার হুমকি দেন। পরে তিনি দ্রুত ক্যাম্পাস ছেড়ে যান।
নুরুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমি টেন্ডারের কাগজপত্র নিয়ে বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী অফিসে যাই। সেখানে সেকশন অফিসার আমার কাগজপত্র গ্রহণ করে প্রধান প্রকৌশলীকে দেন। প্রধান প্রকৌশলী আমার কাগজপত্র গ্রহণ করেন। এরপর রিসিভ কপি দেওয়ার সময় ৮-১০ জন সশস্ত্র ছাত্র এসে আমার জমা দেওয়া কাগজপত্র ও আমাকে দেওয়া রিসিভ কপি ছিনিয়ে নেন। এ সময় তাঁরা আমাকে ক্যাম্পাসে আসতে নিষেধ করেন। ক্যাম্পাসে এলে আমার ক্ষতি হবে বলে হুমকি দেওয়া হয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ঠিকাদার প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের সভাপতির অনুসারী এক দল ছাত্র প্রকৌশল দপ্তরে অবস্থান নেন। তাঁদের অনেকে সশস্ত্র অবস্থায় ছিলেন। এ কারণে আমরা দরপত্র জমা দিতে পারিনি।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কেউ দরপত্র ছিনতাইয়ের সঙ্গে জড়িত নয়। কেউ প্রমাণ দিতে পারলে আমি ছাত্রলীগ থেকে পদত্যাগ করব। আসলে আমাদের ভাবমূর্তি নষ্ট করতে অপপ্রচার চালানো হচ্ছে।’
সরেজমিনে দেখা যায়, ছাত্রলীগের সভাপতি পক্ষের নেতারা প্রধান প্রকৌশলীর অভ্যর্থনা কক্ষের সোফায় বসে ছিলেন। এই প্রতিবেদক প্রকৌশলীর দপ্তরে প্রবেশ করতে গেলে তাঁরা এখানে আসার কারণ সম্পর্কে জানতে চান। পরে প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। সেখান থেকে বের হওয়ার পর প্রধান প্রকৌশলীর সঙ্গে কী কথা হয়েছে, তা-ও জানতে চান নেতারা।
নুরুল ইসলামের অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান প্রকৌশলী মো. আবু সাঈদ হোসেন বলেন, ‘এ পর্যন্ত দুটি প্রতিষ্ঠান কাগজপত্র জমা দিয়েছে। কিন্তু কোনো ঝামেলার খবর আমার জানা নেই।’
ছাত্রলীগের নেতারা অভ্যর্থনা কক্ষে বসে আছেন কেন? জানতে চাইলে প্রধান প্রকৌশলী বলেন, তাঁরা সেখানে সকাল থেকে আড্ডা দিচ্ছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কলা অনুষদের নতুন ভবন নির্মাণের দ্বিতীয় পর্যায়ের ও জননেত্রী শেখ হাসিনা ছাত্রীনিবাসের নির্মাণকাজের জন্য দরপত্র আহ্বান করা হয় ১৮ সেপ্টেম্বর।