টোকেন ছাড়া খাবার সংগ্রহের প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ক্যানটিনে এক শিক্ষার্থীকে ছাত্রলীগের কর্মীরা বেদম মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে একই অভিযোগ পাওয়া গেছে বিজয় একাত্তর হলেও। সেখানে ‘গেস্টরুম সংস্কৃতি’ চালুর প্রতিবাদ করায় এক ছাত্রকে আটকে রেখে ছাত্রলীগ পদপ্রত্যাশী নেতা-কর্মীরা পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার রাতে এসব ঘটনা ঘটে। আহত দুজনই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। এঁরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাসুদ আল মাহদী ও দ্বিতীয় বর্ষের আলী আহসান ভূইয়া।
মাসুদের সঙ্গে থাকা সহপাঠী মীর আরশাদুল হকও সামান্য আহত হন। তিনি প্রথম আলোকে বলেন, তাঁরা দুজন রাতের খাবার খেতে সাড়ে ১০টার দিকে জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবনের ক্যানটিনে যান। সেখানে তাঁদের পাশেই আরও দুজন বসে খাবারের অপেক্ষা করছিলেন। এ সময় ক্যানটিন বয় খাবারের অর্ডার নিতে এসে ওই দুজনের কাছে খাবারের টোকেন চাইলে তাঁরা টোকেন ছাড়াই খাবার আনতে বলেন। ক্যানটিন বয় খাবার আনতে দেরি করলে মাসুদ তাঁদের বলেন, টোকেন নিয়ে এলে দ্রুত খাবার পাওয়া সম্ভব হবে। এ সময় ওদের একজন বলেন, ‘তুই আমাকে চিনিস? আমি টোকেন নেব কেন? তোরা কোন হলের?’ উত্তরে সূর্যসেন হলের বলে জানান তাঁরা।
আরশাদুল অভিযোগ করেন, এ সময় ওই দুজনের একজন ছাত্রলীগ কর্মী অনিক মুঠোফোনে জগন্নাথ হলের ছাত্রলীগ কর্মী শান্ত¯ধরকে খবর দেন। শান্ত ছাত্রলীগের হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জয় তালুকদার ও কর্মী দুর্জয়সহ ১৫-২০জন কর্মী নিয়ে এসে তাঁদের মারধর করেন।
এতে মাসুদ কোমরে প্রচণ্ড আঘাত পান। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই হলের প্রাধ্যক্ষ অসীম সরকারের সহযোগিতায় ওই দুজনকে আটক করা হয়। এঁরা হলেন সৌমিত্র ধর ও অনিক। সৌমিত্র ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি জগন্নাথ হলের শান্ত ধরের কক্ষে অনেক দিন ধরে থাকছিলেন।
শান্ত জানান, ক্যানটিনে খাওয়ার সময় কথা-কাটাকাটি হলে জুনিয়র ছেলেরা মাসুদকে মারধর করেন। তাঁরা গিয়ে জুনিয়রদের থামিয়েছেন।
হলের প্রাধ্যক্ষ অসীম সরকার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় বহিরাগত একজনকে পুলিশে দেওয়া হয়েছে। হলের যে সব ছাত্রের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, তাঁদের বিরুদ্ধেও একাডেমিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি সুপ্রিয় রাজেশ বলেন, যারাই এ ঘটনায় জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিজয় একাত্তর হলে ছাত্রকে পেটানোর অভিযোগ
রাত সাড়ে ১১টার দিকে বিজয় একাত্তর হলে আলী আহসান নামের এক ছাত্রকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। প্রায় এক ঘণ্টা তাঁকে হলের অতিথি কক্ষেÿআটকে রাখা হয়। পরে হলের প্রাধ্যক্ষ শফিউল আলম ভূইয়া গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ছাত্রলীগের একাধিক নেতা জানান, এই হলে ছাত্রলীগের কোনো কমিটি নেই। কিন্তু কমিটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফলে পদপ্রত্যাশীদের ‘গেস্টরুম’ করতে নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বৈঠকে ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতারা কনিষ্ঠদের ‘রাজনৈতিক আচরণ’ শিক্ষা দেয়, এগুলোকে তাদের ভাষায় গেস্টরুম বলা হয়।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী নাম না প্রকাশের শর্তে জানান, গতকাল রাতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জোর করে গেস্টরুম করানোর সময় এর ভিডিওচিত্র ধারণ করতে গেলে আলী আহসানকে ডেকে ভেতরে নিয়ে যায় ছাত্রলীগের পদপ্রত্যাশী ওই নেতা-কর্মীরা। এ সময় তাঁকে সেখানে আটকে রেখে নির্যাতন করা হয়।
খবর পেয়ে হলের প্রাধ্যক্ষ শফিউল আলম ভূইয়া গিয়ে আহত শিক্ষার্থীকে উদ্ধার করেন হাসপাতালে পাঠান। তাঁকে মারধর করার অপরাধে আরিফ নামে ভাষাবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীকে পুলিশে দেওয়া হয়।
আরিফ ছাত্রলীগের এই হলে কমিটিতে পদ পেতে চেষ্টা করছেন বলে ছাত্রলীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
শফিউল আলম ভূইয়া সাংবাদিকদের বলেন, এ ঘটনায় একজনকে পুলিশে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করতে হলের শিক্ষক রবিউল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।