ছাত্রলীগের বিরুদ্ধে প্রাধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে প্রাধ্যক্ষ ওই হলের গণরুম পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।
হলের আবাসিক শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, এ নিয়ে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হল প্রশাসন সভা করেছে। এর সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত হয়েছে।
হল প্রশাসন সূত্র জানায়, গতকাল ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। এর দু-তিন দিন আগে থেকে বিভিন্ন হলে প্রথম বর্ষের শিক্ষার্থীরা উঠতে শুরু করেন। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে তাঁদের খোঁজখবর নিতে প্রাধ্যক্ষ ওবায়দুর রহমান মীর মশাররফ হোসেন হলের গণরুমে যান। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে দেখে উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে ওই হলের আবাসিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক ইকরাম উদ্দিনসহ ছাত্রলীগের সাত-আটজন নেতা-কর্মী ওবায়দুর রহমানকে গালিগালাজ করেন।
গালিগালাজের কথা অস্বীকার করে ইকরাম উদ্দিন বলেন, ‘হলে নানা অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীরা ভোগান্তিতে আছে। ওই রাতে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। ওই পরিস্থিতিতে আমিসহ আরও কয়েকজন স্যারকে (ওবায়দুর রহমান) ওখান থেকে বের করে আনি।’
এ বিষয়ে জানতে প্রাধ্যক্ষ ওবায়দুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।