বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি-বাণিজ্য করছে ছাত্রলীগ। নেতাদের টাকা না দিয়ে ভর্তি হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে ছাত্রলীগের নেত্রীরা দাবি করেছেন, ছাত্রলীগ নয়, ছাত্রলীগের নাম ভাঙিয়ে ভর্তি-বাণিজ্যে জড়িয়েছেন কিছু শিক্ষক-কর্মচারীও।
কলেজ সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ১ হাজার ২৫০টি আসনে এবার শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৫০ আসনে ভর্তির চাপ বেশি। ১৬ জুন মেধাতালিকা থেকে বিজ্ঞানে ৫৪ এবং ২৪ জুন প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ৮৮ জনকে ভর্তি করা হয়। অবশিষ্ট আসনে শিক্ষার্থী ভর্তি করার কথা ২৭ জুন প্রকাশিত দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২৭ জুন প্রকাশিত দ্বিতীয় অপেক্ষমাণ তালিকায় নাম থাকা শিক্ষার্থীরা ভর্তি ফরম নিতে গেলে প্রশাসন দেয়নি। পরে ২৮ জুন আসনসংখ্যার অনুপাতের চেয়ে অনেক বেশিসংখ্যক অপেক্ষমাণ তালিকা প্রকাশ করে পছন্দের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দেওয়া হয়।
ভর্তি-ইচ্ছুক ২০ থেকে ২২ জন শিক্ষার্থী অভিযোগ করে, অপেক্ষমাণ তালিকায় নাম থাকায় ভর্তি হতে গেলে ছাত্রলীগের নেত্রীরা জনপ্রতি ২০ থেকে ২৫ হাজার টাকা দাবি করেন।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত কলেজে থেকে দেখা গেছে, ভর্তি-ইচ্ছুক কয়েক শ ছাত্রী ও অভিভাবকের জটলা। অপেক্ষমাণ তালিকায় নাম প্রকাশের পর ভর্তি হতে এসেছে শিক্ষার্থীরা। কিন্তু কলেজ কার্যালয় থেকে ভর্তি ফরম দেওয়া হচ্ছে না। সোয়া ১১টার দিকে অধ্যক্ষের কক্ষে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। কিন্তু অধ্যক্ষের খাস কামরায় তখন ভর্তির ফাইলের স্তূপ নিয়ে অপেক্ষা করছিলেন ছাত্রলীগ নেত্রী রত্না সরকারসহ চার থেকে পাঁচজন নেত্রী। গোপন কক্ষে শিক্ষার্থীদের ডেকে নিয়ে দর-কষাকষি করছেন তাঁরা।
বেলা সাড়ে ১১টার দিকে ভর্তি-ইচ্ছুক একজন শিক্ষার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করলেন কলেজ ছাত্রলীগ নেত্রী পরিচয়দানকারী এক নারী। তিনি বললেন, টাকা না দিয়ে কেউ এখানে ভর্তি হতে পারবে না। একজন অভিভাবক বললেন, অপেক্ষমাণ তালিকায় নাম থাকার পরও কেন এত টাকা দিতে হবে?
ওই নেত্রী বলেন, ‘ভর্তি ফরম সব বড় আপুদের (সভাপতি-সম্পাদক) হাতে। আমরা তাঁদের হয়েই এই টাকা তুলছি।’ এই প্রতিবেদক তাঁর নাম জিজ্ঞাসা করলে বলেন, ‘আমার নাম জেনে কী করবেন? ভর্তির সবকিছু নিয়ন্ত্রণ করছেন কলেজ ছাত্রলীগের সভাপতি আনজুমান আরা, সাধারণ সম্পাদিকা রত্না সরকার, সাংগঠনিক সম্পাদক সুমি খাতুন, যুগ্ম সম্পাদক রুকাইয়া সরকার, সাংগঠনিক সম্পাদক তমানিয়া আফরিনসহ সাত থেকে আটজন।
বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে উত্তীর্ণ মোস্তাকিমা জান্নাত বলে, বিজ্ঞান বিভাগে অপেক্ষমাণ তালিকায় থাকা ৫৮৩ ক্রমিকের ভর্তি হওয়ার কথা ছিল ২৮ জুন। কিন্তু সেদিন এলে কলেজ কার্যালয় থেকে কোনো ভর্তি ফরম দেওয়া হয়নি। এ সময় কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রুকাইয়া সরকার ১০ হাজার টাকা নিয়ে বুধবার সকালে দেখা করতে বলেন।
রুকাইয়া সরকার টাকা চাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, আনজুমান আরা ও রত্না সরকার ভর্তি কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন। তিনি নিজের জন্য টাকা চাননি। ওই টাকা রত্না সরকারের হাতে দিলে তিনিই ভর্তির ব্যবস্থা করবেন।
রত্না সরকার বলেন, তাঁরা একা নন, ছাত্রলীগের নাম ভাঙিয়ে কলেজের শিক্ষক-কর্মচারী থেকে শুরু করে অনেকেই টাকার বিনিময়ে ভর্তি করাচ্ছেন। অথচ বদনাম হচ্ছে শুধু ছাত্রলীগের। আনজুমান আরা বলেন, ‘ভর্তির জন্য কারও কাছ থেকে কোনো টাকা নিইনি। ছাত্রলীগের নাম ভাঙিয়ে কেউ কেউ ভর্তি-বাণিজ্য করছে।’
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক বলেন, ‘অভিযোগ কানে আসার পর বুধবার কলেজে গিয়ে ছাত্রলীগ নেত্রীদের সতর্ক করে এসেছি। তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেছেন। এরপরও সুনির্দিষ্ট প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
মুঠোফোনে যোগাযোগ করা হলে কলেজের অধ্যক্ষ হোসেন সহিদ মাহবুবুর রহমান বলেন, ভর্তি কার্যক্রমে কোনো অনিয়ম ঘটেনি, কলেজ-প্রশাসনের বিরুদ্ধে ভর্তি বাণিজ্যের অভিযোগও সঠিক নয়। বিজ্ঞান বিভাগে খালি আসনের অনুপাতের চেয়ে ৩২টি অপেক্ষমাণ তালিকা অতিরিক্ত প্রকাশ করেছে ভর্তি কমিটি। এ জন্য কেউ কেউ ভর্তি হতে না পেরে মনগড়া অভিযোগ করছে।