চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলাভবনের দ্বিতীয় পর্যায়ের কাজ ও জননেত্রী শেখ হাসিনা ছাত্রীনিবাসের দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজের দরপত্রের শিডিউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে শিডিউল কেনেন। ওই সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর কাছ থেকে শিডিউল কেড়ে নিয়ে তাঁকে মারধর করে প্রকৌশল দপ্তর থেকে বের করে দেন। এরপর তিনি দ্রুত ক্যাম্পাস ছেড়ে শহরে চলে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদারি প্রতিষ্ঠানের ওই প্রতিনিধি প্রথম আলোকে বলেন, ‘আমি দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীর অফিসে যাই। সেখানে শিডিউল কেনার পর ছাত্রলীগের নেতারা আমাকে ব্যাপক মারধর করেন ও শিডিউল কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ঠিকাদার প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের একদল নেতা-কর্মী প্রকৌশল দপ্তরে অবস্থা নেন। তাঁদের অনেকে সশস্ত্র অবস্থায় ছিলেন। এ কারণে আমরা আজ (গতকাল সোমবার) শেষ দিনেও শিডিউল কিনতে পারিনি।’
সরেজমিনে দেখা যায়, ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসের প্রকৌশল দপ্তরের সামনের দোকান ও বিভিন্ন মোড়ে অবস্থান করছেন। সেখানে পুলিশ সদস্যদেরও দেখা গেছে।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান বলেন, ‘শিডিউল বিক্রি নিয়ে কোনো অভিযোগ আমরা পাইনি। তবে প্রকৌশল দপ্তরের পরিবেশ ভালো ছিল।’
জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী যাননি। কোনো ঠিকাদারের লোকজনের ওপর হামলার অভিযোগ মিথ্যা ও বানোয়াট। ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. আবু সাঈদ হোসেন বলেন, ‘এ পর্যন্ত ছয়-সাতটি প্রতিষ্ঠান শিডিউল কিনেছে। কিন্তু কোনো ঝামেলার খবর আমার জানা নেই।’
এদিকে অবাধে শিডিউল কিনতে বাধা দেওয়ার অভিযোগ এনে গত রোববার সন্ধ্যায় সোমবার থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছিল ছাত্রলীগের একাংশ। কিন্তু গতকাল এ অবরোধের কোনো প্রভাব ক্যাম্পাসে ছিল না।
অবরোধ আহ্বানকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি রাশেদ হোছাইন বলেন, ‘অবাধে শিডিউল নিতে দেওয়া ও প্রকৌশল অফিসকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করার দাবিতে অবরোধ আহ্বান করেছি। কিন্তু ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের অনুসারীরা কাউকে শিডিউল কিনতে দেননি। তাই আমাদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।’