গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলা ও নির্যাতনের ভয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার বিকেলে বিএনপির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের নেতারা এ অভিযোগ করেন। এ সময় ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহাগ সর্দার, জ্যেষ্ঠ সহসভাপতি ফজলে রাব্বি খান, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, যুগ্ম সম্পাদক রাব্বি মল্লিক, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী প্রমুখ উপস্থিত ছিলেন।
সোহাগ সর্দার অভিযোগ করেন, শনিবার দুপুরে কোনো কারণ ছাড়াই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক রেজাউল রাতুলের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ সাদীকে ক্লাস থেকে ধরে নিয়ে মারধর করেন। তাঁকে (সোহাগ সর্দার) প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। এর আগে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের লক্ষ্যে তাঁরা একাধিকবার ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। ভিসি দেশের বাইরে থাকায় বিষয়টি ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক কামরুজ্জামানকে জানালে তিনি ওই দিন সোহাগ সর্দারকে উদ্ধার করেন। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার অভাবে ছাত্রদলের নেতা-কর্মীরা নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না।
ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন বলেন, ‘ওই দিন আমি ক্যাম্পাসে ছিলাম না। তবে শুনেছি ক্লাসে বসা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি। ওই ঘটনায় ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত নয়।’
জানতে চাইলে ছাত্রকল্যাণ পরিচালক কামরুজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।