ছাত্রলীগের বিরোধ: গুলিতে নিহত ১
নোয়াখালীতে ছাত্রলীগ সমর্থক দুই পক্ষের বিরোধের জের ধরে গুলিতে ফজলে রাব্বি ওরফে রাজিব (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার রাত পৌনে আটটার দিকে নোয়াখালী শহরের পুরাতন কলেজ (একাদশ শ্রেণির ক্যাম্পাস) সংলগ্ন বেগমগঞ্জ উপজেলার অনন্তপুরে এ ঘটনা ঘটে।
একই ঘটনায় জেলা ছাত্রলীগের সদস্য মো. ওয়াসিম (২৪) ও ছাত্রলীগ কর্মী মো. ইয়াছিন (২৩) পেটে গুলিবিদ্ধ হন। তাঁদের দুজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত ফজলে রাব্বিকে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন তাঁদের দলের কর্মী বলে দাবি করলেও রাব্বির মামা মেজবাহ উদ্দিন ওরফে পলাশের দাবি তাঁর ভাগনে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি জানান, ফজলে রাব্বি নোয়াখালী সরকারি কলেজে স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ছিলেন।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমন ভট্ট প্রথম আলোকে বলেন, কলেজের ছাত্রলীগ কর্মীদের মধ্যকার একটি বিরোধের মীমাংসা করতে ছাত্রলীগ নেতা ওয়াসিম, কর্মী মো. ইয়াছিন তাঁদের বন্ধু ফজলে রাব্বিকে নিয়ে কলেজপাড়ায় গেলে প্রতিপক্ষের রাজু নামের এক যুবক তাঁদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলে ফজলে রাব্বি গুলিতে নিহত হন। অন্য দুজন গুলিবিদ্ধ হন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ও সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের সমর্থক দুইটি পক্ষের বিরোধের জের ধরে গুলির ঘটনা ঘটে। এতে ফজলে রাব্বি গুলিতে নিহত হন। আহত হন দুজন। আহত দুজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া হওয়া গেছে। তবে নিহত ফজলে রাব্বির রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।