ছাত্রলীগের বিরোধে মহাসড়ক এক ঘণ্টা বন্ধ
উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির ঘোষণা মেনে নিতে পারেননি পুরোনো কমিটির নেতা-কর্মীরা। প্রতিবাদ জানাতে তাঁরা নেমে এসেছেন মহাসড়কে। এক ঘণ্টা অবরোধ করে রাখেন ফেনী-নোয়াখালী মহাসড়ক। ছাত্রলীগের বিরোধের জেরে যানজটে আটকা পড়ে দুর্ভোগে পোহাতে হয়েছে যাত্রীদের।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নোয়াখালীর সেনবাগ রাস্তারমাথা অবরোধ করে রাখেন উপজেলা ছাত্রলীগের পুরোনো কমিটির নেতা-কর্মীরা। ফেনী-নোয়াখালী মহাসড়কের ওই এলাকায় তাঁরা অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শী আবদুর রহিম প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা ছাত্রলীগের পুরাতন কমিটির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ এমরানের পক্ষের নেতা-কর্মীসহ শতাধিক ব্যক্তি মহাসড়কের ওপর গাছের গুঁড়ি, তেলের ড্রাম ফেলে ও টায়ার জ্বেলে অবরোধ করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ছাত্রলীগ নেতা ফিরোজ আলম প্রথম আলোকে বলেন, গত ২১ জুলাই ঢাকা থেকে তাঁকে সভাপতি ও মাজেদুল তানভীরকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের দুই সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। পুরোনো কমিটি তা মানতে পারছে না।
ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, নতুন কমিটি অবৈধ। এটি বাতিল না করা পর্যন্ত তাঁদের প্রতিবাদ চলবে।
নতুন ও পুরোনো কমিটির মধ্যে বিরোধের জের ধরে সেনবাগ শহরে কয়েকবার বিক্ষোভ, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। ছাত্রলীগ কর্মীরা অবরোধে অনড় থাকেন। পরে বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সিকদার হাসান ইমাম ঘটনাস্থলে গিয়ে নেতা-কর্মীদের বুঝিয়ে শান্ত করেন। পরে তাঁরা অবরোধ তুলে নেন।
সহকারী এএসপি সিকদার হাসান ইমাম ও সেনবাগ থানার ওসি মোস্তফা কামাল ছাত্রলীগ কর্মীদের সড়ক অবরোধের তথ্যের সত্যতা নিশ্চিত করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান।