খুলনার সরকারি এম এম সিটি কলেজের ছাত্রলীগের একাংশ ভর্তি-বাণিজ্যের মাধ্যমে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এদিকে তাদের মাধ্যমে অবৈধভাবে ভর্তি করা ৪৭৩ জন শিক্ষার্থীকে নিবন্ধনের অনুমোদন দেয়নি যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ভর্তি-বাণিজ্যকে বৈধ করতে মাঠে নেমেছে ছাত্রলীগ।
ওই শিক্ষার্থীদের নিবন্ধন দেওয়ার দাবিতে গত শনিবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ করেন ছাত্রলীগের ওই অংশের নেতা-কর্মীরা। পরে মিছিলটি ক্যাম্পাস থেকে খানজাহান আলী রোডে প্রবেশ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিআরটিসির বাস, যাত্রীভর্তি নগর পরিবহন, দুটি ট্রাক ও কয়েকটি ইজিবাইকে ব্যাপক ভাঙচুর করেন। পরে পুলিশ নিয়ন্ত্রণে আনে। গত রোববার নিবন্ধনবঞ্চিত শিক্ষার্থীরা খুলনার জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি দেয়।
কলেজ সূত্র জানায়, গত ২২ জুন থেকে সিটি কলেজে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হয়। কলেজের বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ৩০০ করে মোট ৯০০ আসন নির্ধারিত ছিল। গত ২৬ জুন অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির প্রথম দিনেই মহানগর ছাত্রলীগের একাংশের নেতারা প্রায় ১৫০ আসনে নিজেদের পছন্দের ছাত্র ভর্তি করান। এরপর নির্ধারিত আসনের অতিরিক্ত আরও ৪৭৪ জন শিক্ষার্থীকে ভর্তি করানো হয়। ফলে শিক্ষার্থীর সংখ্যা এসে দাঁড়ায় এক হাজার ৩৭৪ জন। এরপর এক শিক্ষার্থী তার ভর্তি বাতিল করে।
নাম প্রকাশ না করার শর্তে নগরের টুটপাড়ার বাসিন্দা এক ব্যবসায়ী জানান, এক নেতার মাধ্যমে ১০ হাজার টাকা দিয়ে তাঁর মেয়েকে ভর্তি করিয়েছেন। আরেক অভিভাবক বলেন, ‘২০ হাজার টাকা দিয়েছি।’
এদিকে ১৪ অক্টোবর থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধনের কাজ শুরু করে যশোর বোর্ড। কিন্তু আসনের অতিরিক্ত একজন ছাত্রেরও নিবন্ধন হবে না বলে জানিয়ে দেয় তারা। ব্যর্থ হয়ে কলেজ কর্তৃপক্ষ আসন বৃদ্ধির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়। কিন্তু সেখান থেকেও বিষয়টি সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়। এ অবস্থায় হুমকির মুখে পড়ে ৪৭৩ শিক্ষার্থীর শিক্ষাজীবন।
বিজ্ঞান ও ব্যবসায় বিভাগের একাধিক ছাত্র বলে, ছাত্রলীগের এক ভাইয়ের মাধ্যমে তারা ভর্তি হয়েছে। ক্লাসও করছে। কিন্তু এখন শুনছে তাদের নিবন্ধন হবে না। এতে তারা হতাশ হয়ে পড়েছে।
মহানগর আওয়ামী লীগের বিভিন্ন সূত্র জানায়, ৫ জানুয়ারির নির্বাচনে সদর আসনের সাংসদ হওয়ার পর মিজানুর রহমানের অনুসারীদের নিয়ন্ত্রণে চলে গেছে সিটি কলেজ। এর নেতৃত্ব দিচ্ছেন ছাত্রলীগের নগর কমিটির সহসভাপতি অহেদুজ্জামান ওরফে ডলার ও কেন্দ্রীয় কমিটির সদস্য আছাদুজ্জামান ওরফে রাসেল।
সিটি কলেজ ছাত্রলীগের এক জ্যেষ্ঠ নেতা বলেন, ‘প্রতিদিন ১২-১৫টি করে ফোন পাই অভিভাবকদের কাছ থেকে। তাঁদের মধ্যে কেউ ২০-২৫ হাজার টাকা আবার কেউ ৫-১০ হাজার টাকা পর্যন্ত দিয়েছেন। তা ছাড়া যারা মেধায় প্রথমে ছিল তাদের কাছ থেকে মিষ্টি খাওয়ার জন্য দুই থেকে তিন হাজার করে টাকা নিয়েছে ছেলেরা। সব মিলিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা কোটি টাকার ওপরে ভর্তি-বাণিজ্য করেছে।’
মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহ্জালাল হোসেন বলেন, ‘আমরা যেটুকু জেনেছি, ভর্তি ফরমের পেছনে রাসেল ও ডলারের রিকোয়েস্ট ছিল।’ তাঁর দাবি, যেভাবেই হোক ওই শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ করে দেওয়া হোক।
অহেদুজ্জামান বলেন, ‘আমরা টাকা নিয়ে ভর্তি করেছি, এমন প্রমাণ পেলে ছাত্রলীগ আর কোনোদিন করব না। জুনিয়ার ছেলেরা হয়তো টাকা নিতে পারে, তবে সে বিষয়ে আমার জানা নেই।’ আছাদুজ্জামান বলেন, ‘এবার কোনো ভর্তি-বাণিজ্য হয়নি। আসন বাড়বে বলে বোর্ড বলেছিল সে কারণে ৪৭৩ জন বেশি ভর্তি হয়েছে।’
সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক গুলশানারা বেগম বলেন, ‘কী হয়েছে, না হয়েছে—সব আপনাদের জানা। এ নিয়ে আর আমাদের কিছু বলার নেই।’
সাংসদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বোর্ডের সাবেক চেয়ারম্যানকে ২০০ আসন বৃদ্ধি করতে বলেছিলাম। সেই অনুযায়ী ছাত্র ভর্তি করতে বলেছিলাম শিক্ষকদের। গত বছর এক হাজার ৪২২ জন ভর্তি হয়েছে। এখন তাঁরা বলছেন, নিয়মের বাইরে একটি ছেলেকে ভর্তি করা যাবে না। যেভাবেই হোক তাদের নিবন্ধন সম্পন্ন করে লেখাপড়ার সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা চলছে।’